ঘুষ নেওয়ার মামলায় জামিন পেলেন এসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ঘুষ নেওয়ার মামলায় কারাগারে যাওয়া গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেনকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার তাঁর আইনজীবী বাগেরহাট স্পেশাল ট্রাইব্যুনালে মোশাররফের জামিনের আবেদন করলে আদালত ৫০ হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। সোমবার এই ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
২০১০ সালে এসআই মোশাররফ হোসেন বাগেরহাট সদর থানায় কর্মরত ছিলেন। ওই বছরের ২৭ এপ্রিল বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের আবাসিক হোটেল ব্যবসায়ী জায়েদা বেগম তাঁর বিরুদ্ধে বাগেরহাট বিশেষ ট্রাইব্যুনালে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। একটি মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে এসআই মোশাররফ এই ঘুষ নিয়েছিলেন বলে বাদী আরজিতে অভিযোগ করেন। কিন্তু মামলার শুনানিকালে কখনোই আদালতে উপস্থিত না হওয়ায় এসআই মোশাররফের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিল না হওয়ায় ৩ সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশন করেন। এরপর মোশাররফ ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।