ঘুষ নেওয়ার সমালোচনা করায় মামলা, দিনমজুর কারাগারে!
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের কাছ থেকে নিয়মিত ঘুষ নেওয়ার বিষয়ে সমালোচনা করায় বিজিবির এক হাবিলদারের বিরুদ্ধে এক দিনমজুরকে মাদক ব্যবসায়ী সাজিয়ে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। ওই সীমান্তের বুড়িরহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার শরিফ রবিউলের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই দিনমজুরের নাম আমির উদ্দিন (৫০)। উপজেলার সীমান্ত লাগোয়া চন্দ্রপুর গ্রামে তাঁর বাড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে গৃহস্থালির কাজ করছিলেন আমির উদ্দিন। এ সময় বুড়িরহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার শরিফ রবিউলসহ বিজিবির তিনজন সদস্য এসে তাঁকে ক্যাম্পে ডেকে নিয়ে যান। এরপর তাঁরা তাঁকে মারধর করে হাতকড়া পরিয়ে এক কেজি পরিমাণ ভারতীয় গাঁজা, ১০০ ভারতীয় মুদ্রাসহ বসিয়ে রাখেন। পরে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দ্রুত আমিরকে থানায় সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ বলেন, গত রোববার আমিরের বিরুদ্ধে বুড়িরহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। মামলায় আমিরকে ১ কেজি ভারতীয় গাঁজা, ১০০ ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নিরপরাধ দিনমজুরকে মাদক ব্যবসায়ী সাজিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চন্দ্রপুর গ্রামের লোকজন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিজিবির ওই তিন সদস্যের বিচার দাবি করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেেছ, দিনমজুরি করে সংসার চালান আমির। তাঁর বাড়ির পাশেই রয়েছে বুড়িরহাট বিজিবি ক্যাম্প। ওই ক্যাম্পে হাবিলদার শরিফ রবিউল যোগদানের পর থেকে স্থানীয় চোরাকারবারিদের কাছ থেকে নিয়মিত ঘুষ নিয়ে তাদের অবৈধ সুবিধা দিয়ে আসছেন। সম্প্রতি পাশের গ্রামের জাহাঙ্গীর নামের এক ব্যক্তির সামনে হাবিলদারের ওই ঘুষ নেওয়ার বিষয়ে সমালোচনা করেন আমির। মূলত সে কারণেই বিজিবির সদস্যরা আমিরকে ধরে নিয়ে যান।
আমিরের স্ত্রী জোবেদা খাতুন বলেন, ‘আমার স্বামীকে যারা মিথ্যা মামলায় জেলে পাঠাল, আমি তাদের বিচার চাই।’
বুড়িরহাট বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেও হাবিলদার শরিফ রবিউলের মুঠোফোন নম্বর না পাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী বলেন, ‘বিজিবি ওই ব্যক্তিকে ধরে নিয়মানুযায়ী মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে। এখন যদি সে নিরপরাধ হয়, তাহলে পুলিশ তা তদন্ত করে দেখবে।’ বুড়িরহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার শরিফ রবিউল বর্তমানে ছুটি আছেন বলে তিনি জানান।