ঘুষ নেওয়ার সময় প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার সময় খুলনার কয়রা উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. হাবিবুল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বেলা তিনটার দিকে তাঁকে কয়রা উপজেলার এলজিইডি কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কয়রা থানায় একটি মামলা হয়েছে।

দুদকের খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম কাজী প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীর নামের এক ঠিকাদারের বিল ছাড়িয়ে দেওয়ার কথা বলে কিছুদিন আগে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন হাবিবুল্লাহ। জাহাঙ্গীর বিষয়টি আমাদের জানান। আজ আমরা কৌশলে জাহাঙ্গীরকে টাকা দিয়ে হাবিবুল্লাহর কাছে পাঠাই এবং তাঁকে চোখে চোখে রাখি। একপর্যায়ে হাবিবুল্লাহর কক্ষের সামনে গিয়ে অবস্থান করি। জাহাঙ্গীর টাকা দেওয়ার পরই আমরা হাবিবুল্লাহর কক্ষে যাই এবং তাঁর প্যান্টের বাম পাশের পকেট থেকে সেই টাকা উদ্ধার করি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (চলতি দায়িত্ব) আবদুল গণি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করা হবে।