ঘুষ নেওয়ার সময় প্রকৌশলী গ্রেপ্তার
স্থানীয় সরকার শাখার (এলজিইডি) বাগেরহাটের রামপাল উপজেলার প্রকৌশলী মো. নুরুজ্জামান ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ বৃহস্পতিবার প্রকৌশলীর কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে রামপাল থানায় ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। তাঁকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।
দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম জায়েদ হোসেন খান জানান, রেইনবো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রামপাল উপজেলায় ২০১১-১২ অর্থবছরে স্থানীয় সরকার শাখার স্কুলের ভবন নির্মাণের কাজ করেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ গোলাম আজম ওই কাজটি করতে স্থানীয় সরকার শাখায় আড়াই লাখ টাকার ফেরতযোগ্য টাকা জমা রাখেন। কাজটি শেষ করে তাঁর জমা করা অর্থ ফেরত চাইতে গেলে রামপাল উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঠিকাদারের দেওয়া অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে তাঁর দাবি করা ঘুষের ২০ হাজার টাকা লেনদেনের সময় দুদকের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।