ঘুষ নেওয়ায় সেটেলমেন্ট কর্মকর্তা অবরুদ্ধ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এরপরও কাজ না করায় গতকাল বুধবার কয়েক ব্যক্তি ওই কর্মকর্তাকে কার্যালয়ে অবরুদ্ধ করেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনও এস এম ফরিদ উদ্দিন বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
ভুক্তভোগী কয়েক ব্যক্তি ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর মৌজায় জমি জরিপের পর ৩০ ধারার কাজ চলছে। ওই মৌজার প্রবাসী বাদল সিকদারের স্ত্রী রাবেয়া বেগম এবং কৃষক গোলাম মোস্তফার দুই একর জমির ৩০ ধারার পর্চার জন্য সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা শংকর নারায়ণ দে তাঁদের কাছে ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় তিনি পর্চা দিতে টালবাহানা শুরু করেন। বাধ্য হয়ে গোলাম মোস্তফা ৩০ হাজার ও রাবেয়া বেগম ১০ হাজার টাকা ঘুষ দেন। ওই কর্মকর্তা এলাকার আরও আটজন ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা ঘুষ নেন। এরপরও তিনি কাজ করেননি।
শংকর নারায়ণ দে বলেন, ‘অভিযোগ ঠিক না।’