ঘুষ লেনদেন: মিজানুরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ
ঘুষ লেনদেনের অভিযোগে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে করা মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার মিজানুরের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী।
৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই দিন ধার্য করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন।
আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে বলেন, আজ তিনি মিজানুরের পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, পরবর্তী তারিখে এনামুলের পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
গত ২৪ জানুয়ারি দুদকের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন মোশাররফ হোসেন। সেদিন তিনি আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান।
এ মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মামলায় ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনকে আদালতে হাজির করা হয়।
দুদকের মামলা থেকে বাঁচিয়ে দিতে তৎকালীন ডিআইজি মিজানুরের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয় এনামুলের বিরুদ্ধে। অনুসন্ধানে অভিযোগের প্রমাণ পাওয়ায় ২০১৯ সালের ১৬ জুলাই দুজনের বিরুদ্ধেই মামলা করেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
তদন্ত শেষে ২০২০ সালের ১৯ জানুয়ারি মিজানুর ও এনামুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে একই বছরের ১৮ মার্চ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০২০ সালের ১৯ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মামলার এজাহারে বলা হয়, এনামুল কমিশনের দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি মিজানুরকে অবৈধ সুযোগ দেওয়ার উদ্দেশ্যে তাঁর কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ হিসেবে নিয়েছেন। তিনি ঘুষের ওই টাকার অবস্থান গোপন করেছেন। এর মাধ্যমে তিনি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন।