ঘুষ লেনদেনের তথ্য ফাঁস করলেন শিক্ষক নেতা
‘আমি যদি এডিপিওর (জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) মতো টুঁটি চেপে টাকা (ঘুষ) আদায় করতে পারতাম, টেলিফোন করে বলতে পারতাম এখনই টাকা নিয়ে আসেন, তাহলেই ভালো থাকতে পারতাম৷ আর পলিটিক্যাল লোকজন চেপে ধরে আগেই যেমন দুই লাখ থেকে তিন লাখ নিয়া নেয়, সেটিই ভালো ছিল৷’
শিক্ষক নিয়োগ ও বদলি-বাণিজ্য থেকে চাহিদামতো ঘুষের অর্থ আদায় করতে ব্যর্থ হয়ে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলা৷ মুঠোফোনে তাঁর এই কথোপকথনটি হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ মো. জাকারিয়ার সঙ্গে৷ জাকারিয়া জেলার কুলিয়ারচর উপজেলার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ ঘুষের টাকা দিয়ে চাহিদামতো শিক্ষক নিয়োগ ও বদলির আদেশ আদায় করিয়ে নিতে ব্যর্থ হয়ে ক্ষোভ থেকে ফাঁদ পাতেন ওই শিক্ষক নেতা৷ তিনি গোলাম মওলা এবং এডিপিও মোফাজ্জলের সঙ্গে তাঁর মুঠোফোনের কথোপকথন রেকর্ড করেন৷ গত শুক্রবার তিনি গণমাধ্যম কর্মীদের কাছে তা ফাঁস করেন৷
দুই শিক্ষা কর্মকর্তার সঙ্গে তাঁর প্রায় ১৫ মিনিটের কথোপকথন শুনে বোঝা যায়, একসময় ওই দুই শিক্ষা কর্মকর্তার সঙ্গে শিক্ষক নেতা জাকারিয়ার ভালো বোঝাপড়া ছিল৷ তাঁরা সিন্ডিকেট করে নিয়োগ ও বদলি-বাণিজ্য করতেন৷ সম্প্রতি শিক্ষা কর্মকর্তা গোলাম মওলার সঙ্গে এডিপিও মোফাজ্জল হোসেনের সম্পর্ক ভালো যাচ্ছিল না৷ আর এ কারণে বড় অঙ্কের অর্থ ঘুষ দিয়েও নিজের প্রার্থীদের নিয়োগ দিতে ব্যর্থ হন জাকারিয়া৷ আর এ কারণেই তিনি ওই ফাঁদ পাতেন৷
কথোপকথনের রেকর্ডের পুরোটা জুড়ে রয়েছে ঘুষ লেনদেন, টাকা কম পাওয়া, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের রোল নম্বরের নোট নেওয়া এবং নিজেদের সীমাবদ্ধতার কথা৷ নিজের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে গোলাম মওলা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইঙ্গিত করে বলেন, ‘সবকিছু ওপরের সঙ্গে যোগাযোগ করে করতে হয়৷ তাই অনেক কিছুই করা যায় না৷’
এক শিক্ষকের বদলির জন্য জাকারিয়া এডিপিওর হাতে ১০ হাজার টাকা দিয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত বদলিটি হয়নি৷ কথোপকথনের সময় এডিপিওর কাছে ওই অর্থ ফেরত চান জাকারিয়া৷ এর উত্তরে এডিপিও বলেন, ‘দশের মধ্যে পাঁচ দিয়ে দিয়েছি ডিপিও স্যারকে৷ বাকি পাঁচ নিয়ে যেতে পারেন৷’
সৈয়দ মো. জাকারিয়া বলেন, ‘টাকা দিয়ে নিয়োগ আদায় করতে পািরনি৷ এতে করে পার্টির সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছিল৷ বিশেষ করে আমার মেয়ের নিয়োগ নিয়েও স্যারেরা নাটক করে৷ আমার মেয়ের বদলির জন্য টাকা নিয়েছিল৷ কিন্তু কাজটি করেনি৷ তাই ক্ষোভ থেকে মোবাইল ফোনে কথা রেকর্ড করি৷’
যোগাযোগ করা হলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলা বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন৷ তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি৷ এডিপিও মোফাজ্জল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন৷ মুঠোফোনের রেকর্ডটি শুনানো হলে সেই কণ্ঠ তাঁর নয় বলে দাবি করেন৷