ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশের আটক-বাণিজ্যের’ ঘটনায় টাকা লেনদেনে মধ্যস্থতা করেছেন এমন রাজনৈতিক ব্যক্তি ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার‌্যালয় থেকে দেওয়া দুটি চিঠিতে ২৫২ জনকে আটকের পর ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিভিন্ন জেলায় সুনির্দিষ্ট আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক ব্যক্তি ও পুলিশের মধ্যে লেনদেনে মধ্যস্থতাকারীদের (দালাল) বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার‌্যালয়কে জানাতে র৵াবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার‌্যালয় থেকে দুটি ‘বিশেষ প্রতিবেদন’-এর সঙ্গে দেওয়া চিঠিতে ‘আটক-বাণিজ্যে’ দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়। ১৭৫ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠালেও পুলিশ নিজেরা একটি তদন্ত করে নিচের পর‌্যায়ের মাত্র ২৯ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় বলে দাবি করে৷ এঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপির দপ্তর থেকে পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের দুটি প্রতিবেদন পর‌্যালোচনায় দেখা গেছে, দেশের সাত বিভাগের ২৯টি জেলার আটক-বাণিজ্যের ঘটনায় ১০৫ জন দালাল টাকা লেনদেনে মধ্যস্থতা করেছেন। আসামিভেদে উৎকোচের পরিমাণ দুই হাজার থেকে সর্বোচ্চ ১৪ লাখ টাকা।
প্রতিবেদনে বলা হয়, টাকা লেনদেনের প্রক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে পুলিশ সরাসরি জড়িত ছিল। বেশির ভাগ দালাল বা মধ্যস্থতাকারী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থক, পুলিশের সোর্স, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতা, বিদ্যালয়ের অফিস সহকারী, অসাধু সাংবাদিক ও আটক ব্যক্তির পরিবারের লোকজন জড়িত ছিলেন।
প্রতিবেদনে টাকা লেনদেনের সঙ্গে জড়িত মধ্যস্থতাকারীর নাম-পরিচয়সহ কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, এ তথ্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম, পদবি ও কর্মস্থল, টাকা নিয়ে ছেড়ে দেওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা ও দলীয় পদ-পরিচয়ের তথ্য তুলে ধরা হয়।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, দালালদেরও ছাড় দেওয়া হবে না। আইন অমান্য করলে যে শাস্তি হওয়ার কথা, তাঁদেরও তাই হবে।’
তবে সরকরি প্রতিবেদনে দালাল বলে চিহ্নিতদের কয়েকজনের সঙ্গে প্রথম আলো কথা বলেছে৷ তাঁরা তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীকে লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আলমকে ছাড়াতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিককে ৩০ হাজার টাকা উৎকোচ দিয়েছেন। গত ৫ জানুয়ারি দিনাজপুর শহরের কালিতলায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রফিককে আটক করা হয়েছিল।
জানতে চাইলে মুকুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মাসুদকে আটক করা হয়েছিল কি না, তা-ই তো জানি না, টাকা দিলাম কোথা থেকে!’ তিনি আরও বলেন, ‘আমি বিএনপি করি বলে বাড়িতেই থাকতে পারি না, কী করে উৎকোচ দিতে মধ্যস্থতা করব?’
একই জেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান ছাত্রশিবিরের দুই সদস্য মশিউর রহমান ও মামুনকে ছাড়াতে চিরিরবন্দর থানার এক এসআইকে ৩০ হাজার টাকা উৎকোচ দেন বলে প্রতিবেদনে বলা হয়। জানতে চাইলে রাজিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নই আসে না। বাবার নামে মাদ্রাসা রয়েছে

বলে আমি শিবিরদের ছাড়িয়েছি, এটা প্রচার করা হচ্ছে। প্রমাণ পেলে ব্যবস্থা নিতে পারে পুলিশ।’
মাগুরার বিএনপির কর্মী বনি আমিন ও জামায়াতের সমর্থক কামরুজ্জামানকে ছাড়াতে মধ্যস্থতা করেন আওয়ামী লীগের নেতা ও মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের গণি ওরফে মোহন। তিনি সদর থানার পরিদর্শক হাসেম আলী খানকে ৪০ হাজার টাকা উৎকোচ দিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।
জানতে চাইলে আবদুল গণি বলেন, ‘আমি তাদের ছাড়াতে সুপারিশ করেছিলাম, কিন্তু টাকা দিতে হয়েছে কি না, জানি না।’ তিনি আরও বলেন, ‘বনি আমিন খুব ভালো মানুষ, আর কামরুজ্জামান আগে জামায়াত করত, এখন করে না। দুজনেই আমার এলাকার, তাই কাউন্সিলর হিসেবে আমি তাদের জন্য সুপারিশ করেছি।’
জামালপুর জেলার বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেস আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের সাত নেতাকে ছাড়াতে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সদর থানার এসআইকে মোট ৭০ হাজার টাকা উৎকোচ দিয়েছেন। অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করেছিল পুলিশ। এই সাতজন হলেন জামালপুর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফ আলী চৌধুরী, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুদ্দিন বাবুল, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, শহর যুবদলের কর্মী রিয়াজুল ইসলাম, ছাত্রদলের কর্মী ফারদিন ও শহর দপ্তর সম্পাদক আ. ওহাব।
জানতে চাইলে ওয়ারেস আলী প্রথম আলোকে বলেন, ‘দায়িত্বশীল জায়গায় থেকে আমি তাদের ছাড়ানোর চেষ্টা করেছি। এতে দোষের কী আছে? তবে টাকা দিয়ে কাউকে ছাড়াইনি।’
মেহেরপুরের আওয়ামী লীগের নেতা ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ ওরফে চুন্নু জামায়াতের নেতা হাবীবুর রহমানকে ছাড়াতে মেহেরপুরের পুলিশ সুপার নাহিদুল ইসলামকে আড়াই লাখ টাকা উৎকোচ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা আছে৷ তবে প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, হাবীবুর রহমানকে ভয় দেখিয়ে উৎকোচ আদায় করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়।
প্রসঙ্গত, মেহেরপুরে সবচেয়ে বেশি ‘আটক-বাণিজ্য’ হয়েছে। ওই জেলায় গত নভেম্বর-জানুয়ারি মাসে প্রায় ৮০ জনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। এতে ৩১ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এর জন্য প্রতিবেদনে খোদ পুলিশ সুপার নাহিদুল ইসলামসহ কনস্টেবল জিল্লু (ডিবি), গাংনী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাছুদুল আলমকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, ২৮টি লেনদেনই পুলিশ সুপারের নির্দেশে করেছেন কনস্টেবল জিল্লু।
এসব বিষয়ে জানতে চাইলে বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশ সুপারের সাথে তাঁর সম্পর্ক ভালো নয়। তাঁকে একবার পুলিশ সুপার মারতেও চেয়েছিলেন। তাই টাকা লেনদেনের মধ্যস্থতার অভিযোগ ঠিক নয়৷’