ঘুষের টাকা নিতে গিয়ে কোস্টগার্ডের মাঝি আটক
বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘুষের টাকা লেনদেনের সময় গত সোমবার রাতে আবদুর রহিম নামের কোস্টগার্ডের এক মাঝিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। কেউ অভিযোগ না করায় পরে তাঁকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার হোগলাপাশা গ্রামের শিয়ালীবাড়ির চৌরাস্তা মোড় এলাকায় রহিমকে সুন্দরবনের কাঠ পাচারকারী চক্রের কয়েকজন সদস্যের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। কাঠ পাচারকারীদের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় স্থানীয় জনতা রহিমকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।নাম প্রকাশ না করার শর্তে কাঠ পাচারকারী দলের এক সদস্য বলেন, ‘ট্রলারপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা কোস্টগার্ডের মাঝি রহিমকে দিই আমরা। এতে সুন্দরী কাঠ বোঝাই ট্রলার নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়।’রহিমকে আটকের কথা স্বীকার করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী জানান, আবদুর রহিমের বিরুদ্ধে কেউ অভিযোগ দেয়নি। এ কারণে তাঁকে পাথরঘাটা কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক আহমেদ বলেন, ‘খবর পেয়ে জনতার হাত থেকে আবদুর রহিমকে উদ্ধারের জন্য আমরা থানায় গিয়েছিলাম। তবে এর আগেই পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবদুর রহিম যদি ঘুষ নিয়েই থাকেন, তবে এর জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী।’