ঘুষের টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই ভূমি কার্যালয়ের এক মাস্টাররোল কর্মচারীর কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন। গত সোমবার উপজেলা চেয়ারম্যান ভূমি অফিসে গিয়ে ওই টাকা উদ্ধার করেন এবং ওই কর্মচারীকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।জানা গেছে, হিংগুলি ইউনিয়নের আজমনগর এলাকার বাসিন্দা ধূর্প কুমার বণিক পাঁচ মাস আগে পৈতৃক সম্পত্তির নামজারির জন্য ভূমি অফিসে যান। এক মাসের মধ্যে নামজারির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন কর্মচারী ফজলুল করিম। এরপর ধূর্প কুমারের কাছ থেকে তিনি অগ্রিম চার হাজার টাকা নেন। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও নামজারি না হওয়ায় উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানান ধূর্প কুমার। সোমবার চেয়ারম্যান ভূমি অফিসে গিয়ে ফজলুল করিমের কাছ থেকে ঘুষের চার হাজার টাকা উদ্ধার করে ধূর্প কুমারকে ফেরত দেন।উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, ভূমি অফিসের দুর্নীতি ও হয়রানি রোধে শিগগিরই উপজেলার ভূমি অফিসের সব কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার ও তহশিলদারদের নিয়ে মতবিনিময় সভা করা হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ফজলুল করিম মাস্টাররোলে ঝাড়ুদার হলেও ভূমি অফিসের পিয়ন হিসেবে পরিচিত। কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।