ঘুষের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে বেদম মারধর
ঘুষের টাকা ফেরত চাওয়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়ানগর রেলগুমটি গ্রামের হতদরিদ্র গৃহবধূ রওশন আরা বেগম (৩০) ও তাঁর ছেলে রওশন আলীকে (৮) স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের সহযোগীরা বেদম মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রওশন আরাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গৃহবধূর মাথার দুটি স্থান ফেটে রক্তক্ষরণ হয়েছে। জখম হয়ে ফুলে গেছে শরীরের বিভিন্ন স্থান। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ গৃহবধূ রওশন আরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রাজ্জাক আলী, রাজু মিয়া ও সাজু মিয়া মেম্বারের লোক। সউগ সময় মেম্বারের পাছোত থাকে। মাটি কাটাত (কর্ম সৃজন কর্মসূচি) নাম দিবার কথা কয়া রাজ্জাক আলী দেড় হাজার টাকা চায়। বাইদ্য হয়া ছাগলের বাচ্চা ৮০০ টাকায় বেচেয়া আর ২০০ টাকা সুদের উপর নিয়া এক হাজার টাকা রাজ্জাক আলীক ১৫ দিন আগে দিচু। তাও মোর নামটা দেয় নাই। সেই টাকা ঘুরি চাবার যায়া মোক আর মোর ছইলটাক লাঠি দিয়া মারছে।’ গত রোববার রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, রওশন আরা যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর মাথায় ছয়টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আঘাতের কারণে বাঁ পা তিনি তুলতে পারছিলেন না। রাজ্জাক আলী বলেন, ‘ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে আমার সুসম্পর্ক আছে ঠিক, তবে ওই গৃহবধূর কাছ থেকে ঘুষ নেয়নি এবং তাঁকে মারপিটও করিনি।’ইউনিয়ন পরিষদের সদস্য নুরু মিয়া বলেন, ‘কর্মসৃজন কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্তির কথা বলে রাজ্জাক আলী ওই গৃহবধূর কাছ থেকে এক হাজার টাকা নিয়েছেন বলে শুনেছি। এ টাকা সে আমাকে দেয়নি। বিষয়টি মিটমাট করে দেওয়া হবে।’