ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে ফেঁসে গেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পেতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেনকে তিন লাখ টাকা ঘুষ দিয়েছিলেন এক প্রার্থী। কিন্তু প্রশ্নপত্র দিতে না পারায় দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলরের চাপে গত রোববার তিনি টাকা ফেরত দিয়ে দেন। গত রোববার সিটি করপোরেশনে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়েই এ ঘটনা ঘটে।
ঘুষের টাকা গোপনে ফেরত দেওয়ার কথা থাকলেও ওই ওয়ার্ড কাউন্সিলর ও কয়েকজন সাংবাদিক বিষয়টি দেখে ফেলায় ঘটনাটি প্রকাশ পেয়ে যায়। আবুল হোসেন তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। তবে সিটি করপোরেশনের ওই কাউন্সিলর সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, ঘুষের টাকা ফেরত দেওয়ার ঘটনা সত্য। অথচ গতকালই সিটি করপোরেশনে নিয়োগ বাণিজ্য নিয়ে করা প্রথম আলোর একটি প্রতিবেদনে আবুল হোসেন ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন।
নিয়োগ প্রার্থী নগরীর পশ্চিম কাউনিয়ার মাসুদ আহমেদ জানান, ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজর পদে চাকরি পেতে তিনি আবুল হোসেনকে তিন লাখ টাকা দেন। গত বৃহস্পতিবার তাঁকে প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।
২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মুর্তজা আবেদীন বলেন, গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার আগেই অন্যান্য প্রার্থীদের প্রশ্নপত্র দিয়ে দেওয়ায় তাঁর প্রার্থী মাসুদ আহমেদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। তাই টাকা ফেরত আনার জন্য আবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। শেষে অফিসের ল্যান্ড ফোনে কৌশলে দুই বার ফোন করে আবুল হোসেনকে পেয়ে তিনি ঘুষের টাকা ফেরত চান। এসময় আবুল হোসেন টাকা নিতে মুর্তজাকে নগর ভবনে তাঁর কার্যালয়ে যেতে বলেন। দুপুর সোয়া একটায় সেখানে গেলে তিন লাখ টাকা ফেরত দেওয়া হয়।
একটি আঞ্চলিক দৈনিকের ফটো সাংবাদিক ফারুক লিটু বলেন, ওই সময় তিনি নগর ভবনে ছিলেন। প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ঢুকে ৫০০ টাকার বেশ কয়েকটি বান্ডেল গুনতে দেখে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এ অবস্থায় আবুল হোসেন টাকা ফেলে রেখে দৌঁড়ে পালান।
আবুল হোসেন বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এই নাটক করা হয়েছে।’ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, তিনি এ ধরনের কোনো বিষয় সম্পর্কে অবগত নন। সত্যিই যদি এ রকম কিছু হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।
বরিশাল সিটি করপোরেশনে উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজার, পরিচ্ছন্নকর্মীসহ ১৭টি পদে লোক নিয়োগের জন্য গত বছরের ২৬ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সিটি করপোরেশন। সে অনুযায়ী গত শুক্রবার (২৫ এপ্রিল) লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার আগেই চাকরি পাওয়ার নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের তিন থেকে সাত লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে‘মেয়রপুত্রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।