ঘুষের টাকা ফেরত দিলেন ভূমি অফিসের কর্মচারী
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভূমি কার্যালয়ের এক কর্মচারী ঘুষের টাকা ফেরত দিয়েছেন। নামজারি করিয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে চার মাস আগে ১২ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার গণশুনানিতে ঘুষের বিষয়টি উঠে আসার পর নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীনের কাছে বিষয়টি স্বীকার করেন তিনি। পরে উপস্থিত জনতার সামনে ভুক্তভোগীর কাছে টাকা ফেরত দেন। তাঁকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি।
রুহুল আমীন প্রথম আলোকে বলেন, চার মাস আগে সীতাকুণ্ডের টেরিয়াল এলাকার বাসিন্দা জাবেদ ইকবালের কাছ থেকে ৮৬ শতক জায়গা নামজারি করিয়ে দেওয়ার নাম করে ২০ হাজার টাকা দাবি করেন ওই কর্মচারী। জাবেদ ইকবাল ১২ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু কাজ হচ্ছিল না দেখে তাঁর কাছে অভিযোগ করেন জাবেদ ইকবাল। পরে তিনি বিষয়টি গণশুনানিতে উপস্থাপনের পরামর্শ দেন। গতকাল উভয়ের উপস্থিতিতে উপজেলা ভূমি কার্যালয়ের ‘সেবা ঘর’ এ গণশুনানির আয়োজন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীও খুশি। অভিযোগ না থাকায় অভিযুক্ত কর্মচারীকে শাস্তি দেওয়া হয়নি বলে জানান তিনি।