ঘুষের টাকা ফেরত দিয়ে ক্ষমা চাইলেন ইউপি সদস্য
জাটকা নিধন রোধে বিশেষ ভিজিএফ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত জেলেদের নাম তালিকাভুক্তির জন্য ঘুষ নিয়েছিলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. দেলোয়ার হোসেন। কিন্তু জেলেদের আন্দোলনের মুখে একপর্যায় ঘুষ হিসেবে নেওয়া টাকা ফেরত দিয়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।এলাকাবাসী ও জেলেরা জানান, জাটকা নিধন রোধে বিশেষ ভিজিএফ কর্মসূচিতে চরবিশ্বাস ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২৬৪ জন জেলের জন্য মাথাপিছু ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের ৩০ জন জেলের নাম তালিকাভুক্ত হওয়ার কথা। কিন্তু দেলোয়ার হোসেন তালিকাভুক্তির কথা বলে ১০০ জেলের কাছ থেকে ২০০ করে টাকা নেন। বৃহস্পতিবার চরবিশ্বাসের ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফ বিতরণ করা হয়। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের যেসব জেলে দেলোয়ার হোসেনকে টাকা দিয়েছিলেন, তাঁরা দেখেন তালিকায় তাঁদের নাম নেই। এ সময় বিক্ষুব্ধ জেলেরা দেলোয়ারকে ঘেরাও করে রাখেন। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দেলোয়ার প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চান এবং ঘুষের টাকা ফেরত দেন।চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুজ্জামান জমাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টি তাত্ক্ষণিকভাবে মীমাংসা করেছি।’ তবে দেলোয়ার হোসেন বলেন, ‘আমি কারও কাছ থেকে ঘুষ নিইনি। ওইসব জেলে টাকার বিনিময়ে অনৈতিকভাবে আমার কাছ থেকে সুবিধা নিতে চেয়েছিলেন। আমি তাতে রাজি হইনি বলে একটা মহলের ইঙ্গিতে তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলেন।’