ঘুষের টাকা ফেরত দেননি তিনি!
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত এক আসামিকে মামলা থেকে বাঁচাতে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে ওসির কাছে ধরা খেয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক এএসআই। তাঁর নাম মেজবাহ উদ্দিন। শেষে ওসির চাপে আসামির পরিবারকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন তিনি। তবে ঘটনার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই আসামির পরিবার ঘুষের ৩১ হাজার টাকা ফেরত পায়নি। তবে ওসির চাপে এএসআই মামলাটির তদন্তকারী কর্তকর্তার কাছে কিছু টাকা ফেরত দিলেও তদন্তকারী কর্মকর্তাও ওই টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।সদর মডেল থানা এবং গ্রেপ্তারকৃত যুবক পোপেন রুদ্রের পরিবার জানায়, ২০ নভেম্বর রাত পৌন আটটায় শহরের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে পোপেনকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন এএসআই মেজবাহ উদ্দিন। ঘটনা শুনে ছেলেকে ছাড়িয়ে নিতে পোপেনের বাবা মিহার রঞ্জন রুদ্র থানায় আসেন। পোপেনকে ছেড়ে দিতে এএসআই মেজবাহ উদ্দিন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ৩১ হাজার টাকায় রফাদফা হয় যে পোপেনকে ৩৪ ধারায় পরদিন আদালতে পাঠানো হবে। কিন্তু পরদিন পোপেনকে যথারীতি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবকের পরিবার ঘটনাটি ওসি মঞ্জুর কাদেরকে অবহিত করে। ওসি ঘটনা অবহিত হয়ে পোপেনের পরিবারকে সমস্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। ওসির চাপে এএসআই মেজবাহ উদ্দিন ৩১ হাজার টাকার মধ্যে ১৯ হাজার টাকা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহাম্মদের কাছে ফিরিয়ে দেন। কিন্তু ওই টাকাকে জব্দকৃত টাকা বলে এসআই নূর মোহাম্মদ গ্রেপ্তারকৃত পোপেনের পরিবারকে ফেরত দিতে গড়িমসির অভিযোগ উঠেছে।ঘটনার ব্যাপারে এসআই নূর মোহাম্মদের মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসআই মেজবাহ উদ্দিনকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এত দিনে টাকা ফেরত দিয়ে দেওয়ার কথা। এখনো পোপেনের পরিবার টাকা ফেরত পায়নি জানালে ওসি জানান, টাকা ফেরত না পাওয়ার ঘটনাটি পোপেনের পরিবার তাঁকে জানায়নি। জানালে এমনটি ঘটত না। তবে ওসি আশ্বাস দেন, পোপেনের পরিবার অবশ্যই টাকা ফেরত পাবে। আর এএসআই মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।