ঘুষের টাকা ফেরতের দাবিতে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নিয়েও বরগুনার পাথরঘাটা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান কোনো কাজ না করায় টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকেরা। দাবি আদায়ে গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষক।তাঁরা হাবিবুর রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পাথরঘাটা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের সঙ্গে সোমবার বৈঠক করে সমঝোতার চেষ্টা করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রথম আলোকে বলেন, বদলির ভয় দেখিয়ে ও শিক্ষকদের আবেদন করা বিদ্যালয়ে বদলির কথা বলে হাবিবুর রহমান ব্যাপক বাণিজ্য শুরু করেছেন। উপজেলার ১০ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করার নামে তিনি জনপ্রতি আট থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন। একই সঙ্গে রেজিস্টার্ড (নিবন্ধনকৃত) বিদ্যালয়ের ২৯৮ জন শিক্ষকের সরকারি সার্ভিস বইতে স্বাক্ষরের নামেও ঘুষ ছাড়া কাজ হচ্ছে না। প্রতি সার্ভিস বইতে ৫০০ থেকে এক হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে। উপজেলার সমাপনী পরীক্ষায় ৪০ থেকে ৫০ হাজার টাকা আত্মসাৎ​ করেছেন হাবিবুর রহমান। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে প্রায় সময় তিনি অশোভন আচরণ করেন।

অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ‘কাজ করতে গেলে নানা ভুলত্রুটি হতে পারে। এ সবকিছু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ঘটনায় আমি কিছুই জানি না।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছগির হোসেন বলেন, রেজিস্টার্ড বিদ্যালয় থেকে সরকারি বিদ্যালয়ের ২৯৮ জন শিক্ষকের সার্ভিস বইতে স্বাক্ষর করতে ছয় মাস আগে শিক্ষা কর্মকর্তাকে এক লাখ টাকা দেওয়া হয়। পরে প্রতি শিক্ষকের কাছে ব্যক্তিগতভাবে আরও টাকা দা​বি করে সার্ভিস বইতে স্বাক্ষরের নামে টালবাহানা শুরু করেন। এতে শিক্ষকেরা ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে ওই শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অবরুদ্ধ করেন। একই সঙ্গে ওই কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে পাথরঘাটা থেকে প্রত্যাহারের দাবি করেন শিক্ষকেরা।

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা আমার জানা নেই, অভিযোগ পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’