ঘুষের টাকাসহ গ্রেপ্তার উপসচিব কারাগারে
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার উপসচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে মিজানুর রহমানকে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের একটি দল। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা মিজানুর রহমান প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরের এলেনবাড়ি কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুদক জানিয়েছে, সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়। মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে এর আগে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন বলে অভিযোগ। পরে আরও নয় লাখ টাকা দাবি করেন। মাইনুদ্দিন অভিযোগ করেন দুদকের কাছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতে তাঁকে গ্রেপ্তারের জন্য ফাঁদ পাতে। ৫০ হাজার টাকা নিয়ে মাইনুদ্দিন যান ওই ফাস্ট ফুডের দোকানে। দুদকের একটি দলও সেখানে অবস্থান নেয়। মাইনুদ্দিনের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার পর টাকাসহ মিজানকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের দলটি।
গ্রেপ্তারের পর গতকালই দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা করেন।
আরও পড়ুন: