ঘুষের টাকাসহ গ্রেপ্তার কর কর্মচারী কারাগারে
চট্টগ্রামে ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কর্মচারী জাহিদ ইকবাল খানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, ঘুষের টাকাসহ গ্রেপ্তার কর কর্মচারী জাহিদ ইকবাল খানের জামিনের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। উভয় পক্ষে শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরে নগরের আগ্রাবাদ সিডিএ এলাকায় অবস্থিত চট্টগ্রাম কর-অঞ্চল-৪ এর কার্যালয়ে প্রধান সহকারী হিসেবে কর্মরত জাহিদ ইকবাল খানকে ২০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে আটক করে দুদক। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় দুদক কর্মকর্তা বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন।