ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে ডিএসসিসির কর্মকর্তা
ফাঁদ পেতে ঘুষের টাকাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন উপ-কর কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর সার্কুলার রোড (ভূতের গলি) থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই কর্মকর্তার নাম মো. তোফাজ্জল হোসেন জমাদ্দার।
দুদক সূত্র জানিয়েছে, কলাবাগানের জনৈক মোস্তফা মোহাম্মদ আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সব আইনি প্রক্রিয়া শেষে ডিএসসিসির ওই কর্মকর্তাকে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর দেহ তল্লাশি করে আরও ১ লাখ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
দুদকে আসা অভিযোগে বলা হয়, হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কর কর্মকর্তা ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর অংশ হিসেবে আগে ৩০ হাজার টাকা নেন। ২০ হাজার টাকা নেওয়ার জন্য বৃহস্পতিবার সময় নির্ধারিত ছিল। মোস্তফা মোহাম্মদ আলী বিষয়টি নিয়ে দুদকে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল গঠন করা হয়।
আব্দুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ডিএসসিসির ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেছেন।