ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেরাজ উদ্দিনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ আটকের ঘটনা ঘটে।
জানা যায়, শিক্ষা কর্মকর্তা মো. মেরাজ উদ্দিন স্থানীয় মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগের জন্য জনৈক মো. জাহেদের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
ঘুষের টাকা না দিলে মো. জাহেদের দপ্তরির চাকরি হবে না বলে জানিয়ে দেন। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ চট্টগ্রাম বিভাগীয় দুদক কার্যালয়ে জানায়।
গতকাল শিক্ষা অফিসের কার্যালয়ে ঘুষের জন্য দাবি করা টাকা গ্রহণের সময় আগে থেকে ওত পেতে থাকা দুদক কর্মকর্তা তাঁকে টাকাসহ হাতেনাতে আটক করেন। পরে তাঁর অফিসকক্ষে ও বাসায় তল্লাশি করে আরও এক লাখ ৩০ হাজার টাকা পাওয়া যায়।
এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা মেরাজ উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম-২-এর উপপরিচালক মোশারফ হোসেন বাদী হয়ে দুদক আইনে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া জানান, লোহাগাড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তথ্য ছিল। তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে তাঁকে হাতেনাতে আটক করা হয়।
শিক্ষা কর্মকর্তা মো. মেরাজ উদ্দিন জানান, কিছু শিক্ষক মিলে তাঁর বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করেছেন।
লোহাগাড়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন জানান, শিক্ষা কর্মকর্তা মেরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে এ এলাকার শিক্ষকদের অযথা নানা অজুহাতে ঘুষ দাবি ও হয়রানি করে আসছেন।