ঘুষের বিনিময়ে মিলছে সনদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে নতুন নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের কাজে যোগদানের জন্য শারীরিক যোগ্যতার সনদ দিতে সিভিল সার্জনের কার্যালয়ের একটি চক্র ঘুষ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মস্থলে যোগদান করার আগে শিক্ষকদের সিভিল সার্জনের কার্যালয় থেকে শারীরিক যোগ্যতার সনদ নেওয়া বাধ্যতামূলক। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, এই সনদ দিতে সরকারিভাবে কোনো টাকা নেওয়ার নিয়ম না থাকলেও সিভিল সার্জনের নির্দেশে তাঁর কার্যালয়ের একটি চক্র প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা করে নিচ্ছে। এই টাকা ঘুষ না দিলে সনদ তো দূরের কথা, তাঁকে শারীরিকভাবে অযোগ্য হিসেবে ঘোষণা করার ভয় দেখানো হচ্ছে। অনন্যোপায় হয়ে শিক্ষকেরা এই টাকা পরিশোধ করেই সনদ নিচ্ছেন।সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, আগে থেকে যে নিয়ম চলে আসছে, সে নিয়মেই টাকা নেওয়া হচ্ছে। সনদ বাবদ টাকা আদায়ের সরকারি কোনো নির্দেশনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি কোনো সার্কুলার আমি পাইনি। একজন কনসালট্যান্টের ফি ৫০০ টাকা করে নেওয়া হয়। সেখানে আমরা তা তো করছি না।’জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক নিশ্চিন্ত কুমার পোদ্দারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।