ঘুষের মামলায় বাদ পড়লেন মোল্যা নজরুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে মামলার অভিযোগ থেকে বাদ পড়লেন ওই ঘটনায় আলোচিত গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি-ডিসি) মোল্যা নজরুল ইসলাম। নড়াইলের সরকারদলীয় সাংসদ কবিরুল হক ওই ডিসির বিরুদ্ধে ঘুষ লেনদেনের লিখিত অভিযোগ করেছিলেন।

গতকাল বুধবার দুদকের উপপরিচালক নাসিম আনোয়ার দুই এসআইয়ের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা করেন। দুই আসামি হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত খন্দকার ও বংশাল থানার এসআই মো. জুয়েল মিয়া।

গত ৬ এপ্রিল ব্যবসায়ী আবিদুল ইসলামকে ডিবি কার্যালয়ে আটকে রেখে তাঁর ব্যাংকের হিসাব থেকে ঘুষ নেওয়ার দৃশ্য ওই ব্যাংকের ক্লোজড (সিসি) সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ডিবির উত্তর বিভাগের সাবেক উপকমিশনার মোল্যা নজরুল ইসলামকে সেখান থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এ ঘটনায় ডিবির উত্তর বিভাগের সাবেক পরিদর্শক আজহারুল ইসলাম ও এসআই হাসনাত খন্দকারকে প্রত্যাহার করা হয়। তাঁরা এখন রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত আছেন।

তবে মামলার অভিযোগ থেকে ডিসি মোল্যা নজরুল ও পরিদর্শক আজাহারুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে। গতকাল প্রথম আলোকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত এসআই নাজমুল আহসান।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আবুল হাসনাত ও জুয়েল রানা বিভিন্ন সময় ব্যবসায়ী আবিদুল ইসলামকে ভয় দেখিয়ে এক কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ অভিযোগে তাঁদের বিরুদ্ধে ১৯৪৭ সালের ২ নম্বরের ৫(১) ও (২) ধারা এবং মুদ্রা পাচার প্রতিরোধ আইনের ২০১২ সালের (২) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত তদারক কর্মকর্তা মো. তাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ঘুষ লেনদেনের প্রক্রিয়ায় মোল্লা নজরুলের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলেনি। তবে কর্তব্যরত অবস্থায় ‘দায়িত্বে অবহেলা’র প্রমাণ মিলেছে। এ জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে সুপারিশ করেছে দুদক।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানের পরপরই সিসি ক্যামেরায় ধারণ করা ঘুষ নেওয়ার ভিডিও ক্লিপ ও অডিও পায় দুদক। কিন্তু একটি প্রভাবশালী মহল মোল্লা নজরুলকে ছাড় দিতে বারবার চাপ দিচ্ছিল।

অভিযোগকারী ব্যবসায়ী আবিদুল ইসলাম নড়াইল এলাকার সরকারদলীয় সাংসদ কবিরুল হকের ঘনিষ্ঠজন। ওই সাংসদ নিজস্ব প্যাডে মোল্লা নজরুলের নেতৃত্বে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগপত্রের অনুলিপি দিয়েছিলেন।