ঘুষের মামলায় ছয় বছর পর বিটিসিএলের দুই কর্মচারীর কারাদণ্ড
চট্টগ্রামে ঘুষের ৭৪ হাজার টাকাসহ গ্রেপ্তার হওয়ার ছয় বছর পর বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মচারীকে পাঁচ বছর ও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির। দুদকের আইনজীবী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামি গিয়াস উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড। একই সঙ্গে দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড। তবে দুই সাজা একসঙ্গে চলবে।
আরেক আসামি হুমায়ুন কবিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ১ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুটি সাজাও একসঙ্গে চলবে বলে জানান দুদক আইনজীবী মুজিবুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ আগস্ট সাবেক সহকর্মীর কাছ থেকে ৭৪ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন, টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়। পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়ায় বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে দুর্নীত দমন কমিশন (দুদক)। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।