>

ফারাজকে নিয়ে প্রদর্শনী ঘুড়িটি তৈরি করেছেন সিলেটে সুগন্ধি ধানের সংগ্রাহক হিসেবে পরিচিত এবি কৃষি প্রকল্পের প্রতিষ্ঠাতা আবদুল বাছিত সেলিম
ঘুড়ি উৎসবে প্রদর্শনী। হরেক রং আর আকৃতির ঘুড়ি। এর মধ্যে একটি ঘুড়ির দিকে চোখ আটকে যায় সবার। শোকের আবহে কালো রঙের বিরাটাকৃতির ঘুড়িটির মধ্যে সাদা-কালো একটি ছবির সঙ্গে লেখা, ‘হলি আর্টিজান-এ জঙ্গি হামলায়/ ফারাজের সাহসিকতায় আমরা গর্বিত/ তাঁর মৃত্যুতে আমরা শোকাহত...।’
গতকাল শনিবার সকালে সিলেটের এমসি কলেজ মাঠে ‘কাউন্সিলর আজাদ ঘুড়ি উৎসব ২০১৭’-এর উদ্বোধনের পর ঘুড়ি প্রদর্শনীতে পুরস্কার বিজয়ী ১০টি ঘুড়ির মধ্যে বিশেষ সম্মাননা পুরস্কার পান ফারাজের সাহসিকতা প্রচারকারী ঘুড়ি প্রদর্শনকারীও।
সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান ২০১১ সাল থেকে সিলেট এমসি কলেজ মাঠে ঘুড়ি উৎসবের প্রবর্তন করেন। ২০১৩ সালে দ্বিতীয় ঘুড়ি উৎসব করে এবার করা হয় তৃতীয় পর্যায়ের ঘুড়ি উৎসব। উৎসবের দুটি পর্বের প্রথম পর্বে থাকে বাহারি ঘুড়ি প্রদর্শনী। পরে হয় প্রতিযোগিতামূলক কাটাকাটি পর্ব। এ দুই পর্ব শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয় দুটি পর্বে বিজয়ীদের মধ্যে।
গতকাল সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করা হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই শুরু হয় প্রদর্শনী। ঐতিহ্যের প্রতীক নৌকা, প্রাণীর প্রতি সহানুভূতি জানাতে বাঘ, পাখি, প্রজাপতি চিহ্নসংবলিত নানা আকার আর উৎসবের সাজে সজ্জিত ছিল বিভিন্ন ঘুড়ি। ছিল সমসাময়িক নানা ঘটনার প্রেক্ষাপটে নামকরণ করা ঘুড়িও। এর মধ্যে ফারাজের সাহসিকতা প্রচারে প্রদর্শনী ঘুড়িটি নজর কাড়ে সবার।
ফারাজ আইয়াজ হোসেন ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে গত বছরের ১ জুলাই জঙ্গিদের ভয়ানক হামলায় নিহত হন। হামলাকারীরা ফারাজকে অক্ষত অবস্থায় ছেড়ে দিলেও তিনি বন্ধুদের ছেড়ে যেতে রাজি হননি। ঘটনাটি দুনিয়াজুড়ে বন্ধুর জন্য ফারাজের সাহসিকতা হিসেবে প্রচার পায়।
ফারাজকে নিয়ে প্রদর্শনী ঘুড়িটি তৈরি করেছেন সিলেটে সুগন্ধি ধানের সংগ্রাহক হিসেবে পরিচিত এবি কৃষি প্রকল্পের প্রতিষ্ঠাতা আবদুল বাছিত সেলিম। জানালেন, ঘুড়ি উৎসব মূলত দর্শনীয় হওয়ায় এবং তরুণদের অংশগ্রহণ থাকায় তিনি ফারাজের নামে ঘুড়ি তৈরি করে মূলত সাহসিকতার বিষয়টি প্রচারে এনেছেন। আয়োজকেরা তাঁর এ প্রদর্শনীকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করায় তিনি কৃতজ্ঞ।
উৎসবের প্রদর্শনী পর্বের সমন্বয়কারী আবদুল কাদির জানান, প্রদর্শনীতে শতাধিক ঘুড়ি ছিল। এর মধ্যে নজরকাড়া ঘুড়ি পুরস্কারের জন্য মনোনীত হয়। উৎসবে ফারাজের ছবিসংবলিত ঘুড়িটি বিশেষ সম্মাননা পুরস্কারসহ ১০টি শ্রেণিতে ১০টি পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ঘুড়ি উৎসব সমাপ্ত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। এ সময় উৎসবের প্রবর্তক ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানও উপস্থিত ছিলেন। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা ঘুড়ি। কিন্তু নগরে ঘুড়ি যেন হারিয়ে গেছে জানিয়ে আজাদ বলেন, ঐতিহ্যকে উৎসবের সঙ্গে স্মরণের মধ্যে ধরে রাখতেই এ উৎসবের প্রচলন।