ঘুড়ি ওড়াতে গিয়ে...
ঘুড়ি ওড়াচ্ছিল ৯ বছেরর ফাহিম। হাতে সুতাভরা নাটাই। উড়ুক্কু ঘুড়ির দিকে চোখ রেখে নাটাইয়ের সুতা গোটাচ্ছিল সে। আর ঝোঁকের বশে পিছু হটছিল। এভাবে কখন যে রাস্তার ওপর এসে পড়েছে, টেরই পায়নি শিশুটি। আচমকা বেপরোয়া গতির একটি বাস এসে এক ধাক্কায় চিরতরে থামিয়ে দিল তাকে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী-কুতুবখালী ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে।
ফাহিমের বাবার নাম আবু জাফর। দাগুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার বাড়ি। পরে খবর পেয়ে ফাহিমের মা-বাবা হাসপাতালে ছুটে আসেন। পরিবার সূত্রে জানা গেছে, কুতুবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল ফাহিম। তার এক ভাই ও এক বোন রয়েছে।
ফাহিমকে উদ্ধার করেছিলেন পথচারী রাজিয়া বেগম। তিনি বলেন, কুতুবখালী ফ্লাইওভারের কাছে ঘুড়ি ওড়ানোর সময় পেছনে যেতে গিয়ে চলন্ত বাসের নিচে পড়ে যায় ফাহিম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে শিশুটির মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা আছে।