ঘুড়ি ওড়াতে, বানাতে শিখল শিশুরা
সারি ধরে বসা শিশুদের সামনে কমলা, লাল, নীল, সবুজ রঙা বাহারি কাগজ। তাতে নারকেলের শলা, আঠা, সুতা লাগিয়ে ঘুড়ি বানানো হচ্ছে। জীবনের প্রথম নিজ হাতে ঘুড়ি বানাতে উৎসাহের কমতি নেই। গভীর মনোযোগে কেউ ঘুড়ির লেজ বানাচ্ছে, কেউ নকশা করছে।
এ চিত্র বনানী চেয়ারম্যানবাড়ি খেলার মাঠের। গতকাল শুক্রবার নতুন ঢাকায় বাস করা অনেক শিশুর পরিচয় ঘটে বাঙালির এতিহ্যবাহী ঘুড়ির সঙ্গে। শিশুদের ঘুড়ি বানানো, ওড়ানো শেখাতে ‘ঘুড্ডিবাজি’ নামের এই কর্মশালার আয়োজন করে দিবাযত্ন কেন্দ্র ‘শৈশব’ ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান ‘সন্ধি’।
গতকাল পঞ্জিকামতে ‘পৌষসংক্রান্তি’ বা ‘সাকরাইন’ ছিল। এর মূল আকর্ষণ ঘুড়ি উৎসব। নতুন ঢাকায় বাস করা শিশুদের সে উৎসবে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছিল এ আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে তৃষিয়া নাশতারান বললেন, নতুন ঢাকার আধুনিক ছেলেমেয়েরা ঘুড়ি সম্পর্কে খুব একটা জানে না। দেশের যেসব কৃষ্টি, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেগুলো ধরে রাখার জন্যই এমন আয়োজন।
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া অরিত্র ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ধ্রুব এসেছে শংকর থেকে। দুই বন্ধু মিলে বানাচ্ছিল ঘুড়ি। লেজ জোড়া দিতে আঠা লাগবে তাই ‘আঠা চাই’ ‘আঠা চাই’ বলে চিৎকার করছিল। দুজনই বলল, ‘অনেককে ঘুড়ি ওড়াতে দেখেছি। আগে কখনো ওড়াইনি, বানাইনি। খুব মজা লাগছে বানাতে। বানানো শেষ হলেই ওড়াব।’
বাচ্চাদের সঙ্গে সঙ্গে ঘুড়ি বানানোতে হাত লাগান অভিভাবকেরাও। কারও ঘুড়িতে ভালোবাসার চিহ্ন, কারও ঘুড়িতে অবিকল মানুষের আদলে নাক-মুখ। বাচ্চারা বেশি মজা পাচ্ছিল ঘুড়িতে রং-বেরঙের বাহারি লেজ লাগানোয়।
নিকুঞ্জ থেকে তিন ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সারওয়ার জাহান। তিনি বললেন, খুবই ভালো ও ব্যতিক্রমী উদ্যোগ। যখন শুনলাম বাচ্চাদের নিয়ে এলাম। ওদের জন্য নতুন অভিজ্ঞতা।
ভবিষ্যতে বাঙালির বিভিন্ন ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় ঘটাতে এমন আরও কর্মশালা আয়োজন করা হবে বলে জানালেন আয়োজক প্রতিষ্ঠান শৈশবের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।
শিশুদের ঘুড়ি বানানো ও ওড়ানো শিখিয়েছেন পুরান ঢাকা থেকে আসা তিন ঘুড়ি বানানোর কারিগর। নিজের হাতে বানানো সেই ঘুড়ি নিয়ে মাঠময় দৌড়ে বেড়ায় উচ্ছল শিশুরা।