ঘুড়ি না উড়িয়ে অভিনব প্রতিবাদ
চৈত্রসংক্রান্তি উপলক্ষে প্রতিবছর নববর্ষের আগের দিন রাজধানীর শাহীনবাগের খেলার মাঠে উদযাপিত হয় ঘুড়ি উত্সব। সে কারণে আজ রোববার ওই মাঠে কয়েক শ ঘুড়ি নিয়ে এসেছিল কয়েক শ শিশু-কিশোর। কিন্তু তা উড়ানো হয়নি। কারণ, এ উত্সব যার হাত ধরে এখানে বিকাশ লাভ করেছে সেই সাজেদুল ইসলাম ওরফে সুমন সাড়ে চার মাস ধরে ‘নিখোঁজ’। ঘুড়ি না উড়িয়েই এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোরেরা।
সাজেদুল ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির (পুরাতন ৩৮ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক। গত ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক থেকে সাজেদুলসহ ছয়জনকে ‘র্যাব-১’ লেখা গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে পরিবার দাবি করে। একই রাতে শাহীনবাগের এক বাসা থেকে ‘র্যাব’ লেখা পোশাকে কয়েকজন আদনান চৌধুরী নামের আরেক যুবককে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান ও র্যাব-১-এর অধিনায়ক কিসমত হায়াত এ সাতজনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি প্রথম আলোর কাছে অস্বীকার করেছিলেন। তবে এখন পর্যন্ত ওই সাতজনের খোঁজ মেলেনি।
শাহীনবাগের কয়েকজন বাসিন্দা জানান, সাজেদুল রাজনৈতিক দলের নেতা হলেও এলাকায় সব দলের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা ছিল। তিনি বেশ কয়েক বছর আগে ‘চৈত্রসংক্রান্তি উদযাপন পরিষদ’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের ব্যানারে প্রতি বছর নববর্ষের আগের দিন চৈত্রসংক্রান্তি উপলক্ষে রাজধানীর শাহীনবাগের খেলার মাঠে ঘুড়ি উত্সব হয়। উত্সবের পৃষ্ঠপোষকতায় থাকতেন সাজেদুল। কিন্তু তাঁর অনুপস্থিতিতে উত্সব শোকে পরিণত হয়। ফলে শিশু-কিশোর ও স্থানীয় বাসিন্দারা এ উত্সবে ঘুড়ি না উড়িয়ে নীরব প্রতিবাদ জানান।
আজ বিকেল চারটার দিকে এ প্রতিবাদ শুরু হয়। শাহীনবাগের মাঠে শিশু-কিশোরেরা ঘুড়ি ও নাটাই হাতে নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যায়। তাঁদের সামনে ব্যানার নিয়ে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি এ প্রতিবাদে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাও অংশ নেন। প্রত্যেকেই সাজেদুলকে খুঁজে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
শাহীনবাগের মাঠে উপস্থিত তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘সাজেদুল আমার খুব স্নেহের। তিনি এলাকায়ও জনপ্রিয়। আমরা প্রতীকী প্রতিবাদ করেছি। আমরা আশা করি, আগামীবার যেন তাঁকে নিয়ে ঘুড়ি উত্সব করতে পারি।’
২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘আমরা আগামী বছর যেন সাজেদুলকে নিয়ে ঘুরে উড়াতে পারি, সরকারের কাছে সেই প্রত্যাশা। তাঁকে খোঁজে যেন পরিবার ও এলাকাবাসীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। আমরা সরকারের কাছে এ ব্যাপারে আকুল আবেদন জানাচ্ছি।