চৈত্রসংক্রান্তি উপলক্ষে প্রতিবছর নববর্ষের আগের দিন রাজধানীর শাহীনবাগের খেলার মাঠে উদ্যাপিত হয় ঘুড়ি উৎসব। কিন্তু গতকাল রোববার ওই মাঠে ঘুড়ি নিয়ে এসেছিল কয়েক শ শিশু-কিশোর। কিন্তু তা উড়ানো হয়নি। কারণ, এলাকায় এ উৎসব যিনি শুরু করেন, সেই সাজেদুল ইসলাম ওরফে সুমন সাড়ে চার মাস ধরে নিখোঁজ। ঘুড়ি না উড়িয়েই এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোরেরা।
সাজেদুল ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির (পুরাতন ৩৮ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক। গত ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক থেকে সাজেদুলসহ ছয়জনকে ‘র্যাব-১’ লেখা গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিবার জানায়। একই রাতে শাহীনবাগের এক বাসা থেকে ‘র্যাব’ লেখা পোশাকে কয়েকজন আদনান চৌধুরী নামের আরেক যুবককে তুলে নিয়ে যায়। অবশ্য র্যাবের পক্ষ থেকে এ সাতজনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়। তবে এখনো পর্যন্ত ওই সাতজনের খোঁজ মেলেনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাজেদুল একটি রাজনৈতিক দলের নেতা হলেও এলাকায় সব মহলে তাঁর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা ছিল। দলমত-নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা অনন্য। তারই অংশ হিসেবে তিনি বেশ কয়েক বছর আগে ‘চৈত্রসংক্রান্তি উদ্যাপন পরিষদ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের ব্যানারে প্রতিবছর চৈত্রসংক্রান্তি উপলক্ষে শাহীনবাগের খেলার মাঠে ঘুড়ি উৎসব হয়। উৎসবের পৃষ্ঠপোষকতায় থাকতেন সাজেদুল। কিন্তু তাঁর অনুপস্থিতিতে উৎসব শোকে পরিণত হয়। ফলে শিশু-কিশোর ও স্থানীয় বাসিন্দারা এ উৎসবে ঘুড়ি না উড়িয়ে নীরব প্রতিবাদ জানান।
গতকাল বিকেল চারটার দিকে এ প্রতিবাদ শুরু হয়। শাহীনবাগের মাঠে শিশু-কিশোরেরা ঘুড়ি ও নাটাই হাতে নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যায়। তাদের সামনে ব্যানার নিয়ে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি এ প্রতিবাদে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাও অংশ নেন। প্রত্যেকেই সাজেদুলকে খুঁজে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘সাজেদুল আমার খুব স্নেহের। সে এলাকায়ও জনপ্রিয়। আমরা প্রতীকী প্রতিবাদ করেছি। আমরা আশা করি, আগামীবার যেন তাঁকে নিয়ে আবারও ঘুড়ি উৎসব করতে পারি।’
২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘সাজেদুলকে খুঁজে যেন তাঁর পরিবার ও এলাকাবাসীর কাছে ফিরিয়ে দেওয়া হয়, সরকারের কাছে এ ব্যাপারে আকুল আবেদন জানাই।’