ঘুড়িতে বর্ণিল আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে উড়ছে ডলফিন, অক্টোপাস, লবস্টার, সাপ, ব্যাঙ, নৌকা, জেলিফিশ, গরুর গাড়িসহ বাহারি রং ও আকৃতির ঘুড়ি। নীল আকাশকে বর্ণিল করে তোলা এই আয়োজন সৈকতের তীরে দাঁড়িয়ে উপভোগ করে হাজারো মানুষ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ঘুড়ি উৎসব মন কেড়েছে পর্যটকদের।
কক্সবাজার সমুদ্রসৈকতে তিন দিনব্যাপী চলা ‘মেগা বিচ কার্নিভ্যালের’ দ্বিতীয় দিনে ঘুড়ি ওড়ানো উৎসবের আয়োজন করে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত বালুচরে ঘুড়ি ওড়ানোর মহোৎসব চলবে।
ঢাকার বাড্ডা থেকে আসা গৃহবধূ সায়মা জাহান। তিনি জীবনে প্রথম ঘুড়ি ওড়ানোর সুযোগ পেয়েছেন গতকাল। ঘুড়ি আকাশে ওড়াতে প্রথমে কিছুটা কষ্ট হলেও এই আয়োজনে শামিল হতে পেরে মহাখুশি তিনি। কৌশল জানা থাকলে যে কেউ ঘুড়ি ওড়াতে পারবে বলে জানান তিনি।
কুমিল্লা থেকে আসা কলেজছাত্র ফরহাদ ইকবাল জানান, বিপুলসংখ্যক মানুষের সঙ্গে তিনি একটি ‘সাপ’ ঘুড়ি আকাশে উড়িয়েছেন। কিন্তু ডলফিন ঘুড়ি তাঁকে বধ (রশি কেটে দেওয়ায়) করায় কিছুটা হতাশ তিনি। কৌশল জানা না থাকলে ঘুড়ি ওড়ানো কঠিন।
ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা জানান, নতুন বছরের শুরুতে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া শিশুমনের স্বপ্নটা ফিরে পেয়েছে মানুষ।
মেগা বিচ কার্নিভ্যালের মুক্তমঞ্চে গতকাল গান শোনান আইয়ুব বাচ্চু, আঁখি আলমগীর, শফি মণ্ডল, ফকির শাহাবউদ্দিন, ব্যান্ডদল চিরকুট। ছিল রাখাইন তরুণীদের নৃত্যগীত।
বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ আয়োজনে হচ্ছে এই মেগা বিচ কর্নিভ্যাল। সার্বিক ব্যবস্থায় রয়েছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড।