ঘুড়িদহের নির্বাচন পেছাতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন পেছাতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে ও এর প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘুড়িদহ ইউনিয়ন নাগরিক কমিটির পক্ষ থেকে সোমবার ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় তফসিল অনুযায়ী নির্দিষ্ট তারিখে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়।কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনে ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল (৮ নম্বর ওয়ার্ড) গ্রামের সামান্য অংশ বিলীন হয়ে যায়। অথচ বর্তমান ইউপি চেয়ারম্যান নির্বাচন কমিশনকে পুরো গ্রাম বিলীন ও সেখানকার ভোটাররা বিভিন্ন স্থানে চলে যাওয়ার তথ্য দেন। এর পরিপ্রেক্ষিতে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। চেয়ারম্যান বেশি দিন ক্ষমতায় থাকার জন্য এ সব করেছেন। চেয়ারম্যান আতাউর রহমান অবশ্য বলেন, ‘স্বপদে বহাল থাকার ষড়যন্ত্রের অভিযোগ সঠিক নয়। ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ অনুযায়ী কোনো ওয়ার্ড আংশিক বা সম্পূর্ণ বিলীন হলে নতুন করে সীমানা নির্ধারণ করতে হয়। তাই নির্বাচন কমিশন বরাবরে আবেদন করি।সমাবেশে বক্তৃতা করেন, নাগরিক কমিটির আহবায়ক সেলিম আহমেদ তুলিপ, আবুল কালাম আজাদ, শাহ আলম, জাকিরুল ইসলাম, মোজাহারুল হক, রোস্তম আলী প্রমুখ।