ঘূর্ণিঝড় ও বজ্রপাতে নিহত ৫
জামালপুরের দুটি উপজেলায় আজ বুধবার সকালে প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়েছে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলায় এ ঘূর্ণিঝড় হয়।
নিহত দুজন হলেন কাঠমিস্ত্রি শালু (৫০) ও কৃষক মাসুম (৩৫)। তাঁদের দুজনের বাড়িই বকশীগঞ্জ উপজেলায়।
এদিকে মাদারীপুরের কালকিনি ও ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মাদারীপুরের আবদুল হাই চৌকিদার (৬০) ও লিটন বেপারী (৪২) এবং ফরিদপুরে মো. গিয়াস মোল্লা (২৪)।
প্রতিনিধি ও আঞ্চলিক অফিসের পাঠানো প্রতিবেদন :
জামালপুর: জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান জানান, সকাল সাড়ে নয়টার দিকে বকশীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে উপজেলার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে জানান, ঝড়ে উড়ে আসা টিনে কাটা পড়ে শালু এবং গাছ চাপায় মাসুম নিহত হন। এ ছাড়া ঘূর্ণিঝড়ে শতাধিক মানুষ আহত হয়েছে। তাদের জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রায় একই সময় সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামে ঘূর্ণিঝড় হয়। এতে অন্তত পাঁচজন আহত এবং শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
গ্রামটির কয়েকজন বাসিন্দা জানান, ঘূর্ণিঝড়ে অনেক ঘরবাড়ির চাল উড়ে গেছে। গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বেলা একটা পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কেউ গ্রামটি পরিদর্শনে যাননি বলে অভিযোগ গ্রামবাসীর।
মাদারীপুর: সকালে জমিতে কাজ করার সময় বজ্রপাতে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে আবদুল হাই ও লিটন বেপারী নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পল্লি চিকিত্সক কাজী আবদুল কুদ্দুস জানান, সকালে গ্রামের ‘বলষার চক’-এর জমিতে কাজ করছিলেন এ দুই কৃষক। বৃষ্টি শুরু হলে তাঁরা সেচ মেশিন রাখার একটি ঘরে আশ্রয় নেন। ঘরের ভেতর আশ্রয় নিয়েও বজ্রপাতের হাত থেকে রেহাই পাননি তাঁরা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ফরিদপুর: সকাল সাড়ে সাতটার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মিয়ার গ্রামে বজ্রপাতে মো. গিয়াস মোল্লা (২৪) নামের এক ব্যক্তি নিহত হন।
গিয়াসের ভগ্নিপতি হাবিব মাতুব্বর জানান, সকালে বৃষ্টি শুরুর পর গিয়াস শৌচাগারে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।