ঘূর্ণিঝড় রোয়ানুর আগে উপকূলের ১০টি ইউনিয়নের দুর্গম এলাকায় ঠিক সময়ে সতর্কবার্তা পৌঁছায়নি। ফলে এসব এলাকার জনসাধারণ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। দুর্যোগের পর রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। এগুলো এড়ানো গেলে ক্ষয়ক্ষতি আরও হ্রাস পেত।
রাজধানীর ধানমন্ডিতে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। ‘ঘূর্ণিঝড় রোয়ানু: দুর্যোগ ও মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শিরোনামে টিআইবি এই সংবাদ সম্মেলন করে।
২০১৬ সালের ২১ মে উপকূলের ১৫টি জেলায় ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে। এতে ২৭ জন নিহত এবং উপকূলে ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, লক্ষ্মীপুর ও ভোলার ১০টি উপজেলার ১০টি ইউনিয়নে রোয়ানুসংক্রান্ত তথ্য নিয়ে টিআইবি একটি গবেষণা করেছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল উপস্থিত ছিলেন।
সরকারের অস্বীকার
সতর্কবার্তা সঠিক সময়ে না পৌঁছানো, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ।