ঘূর্ণিঝড় লেহারের জন্য বন্দরে দুই নম্বর সতর্কতা
গত অক্টোবরে হানা দিল ‘পিলিন’, গত সপ্তাহে ‘হেলেন’। বঙ্গোপসাগরের বুকে দুই দিন আগে সৃষ্টি হয়েছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘লেহার’। আগের দুটির গন্তব্য ছিল ভারতের অন্ধ্র প্রদেশ। লেহার শেষ পর্যন্ত কোথায় আঘাত হানবে তা সুনির্দিষ্টভাবে বলেননি আবহাওয়াবিদেরা।
আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড় লেহারের আগমনী বার্তাকে সতর্কতার সঙ্গে নিয়ে বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় লেহার গতকাল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছিল।