ঘূর্ণিঝড় 'লেহার'ও এগোচ্ছে অন্ধ্র প্রদেশের দিকে
অন্য দুটি ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণিঝড় ‘লেহার’ও ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে। গতকাল বুধবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগসম্পন্ন প্রবল এই ঝড়টি পশ্চিম-উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছিল।
এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি ঘূর্ণিঝড় ‘পাইলিন’ ও ‘হেলেন’ শেষ পর্যন্ত অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছিল। ‘পাইলিন’ গত অক্টোবরে এবং ‘হেলেন’ চলতি মাসে আঘাত হানে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘লেহার’ আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভারতের মছলিপট্টনামের কাছ দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।
সতর্কতা হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।
গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার উপকূল থেকে এক হাজার ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।