ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ৬০০ টন শুঁটকি নষ্ট
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ঝড়বৃষ্টিতে কক্সবাজার উপকূলের ৬০০ টন শুঁটকি নষ্ট হয়ে গেছে। ভেঙে গেছে শুঁটকি উৎপাদনের শতাধিক মহাল (খামার)। আর্থিক সংকটের কারণে ব্যবসায়ীরা নতুন করে শুঁটকি উৎপাদনে যেতে পারছেন না। এ কারণে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শুঁটকিশ্রমিক।
শহরের নাজিরারটেক ও ফদনারডেইল উপকূলে গিয়ে দেখা যায়, জলোচ্ছ্বাসে ৩০টির বেশি শুঁটকিমহাল ভেঙে গেছে। গত শুক্রবার বিকেলে মহালে ভেজা শুঁটকি রোদে শুকাচ্ছেন কয়েকজন শ্রমিক।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে জলোচ্ছ্বাসের ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে উপকূলীয় নাজিরারটেক, নুনিয়াছটা, ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ার আড়াই হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে গেছে। এ সময় অন্তত ৩০টি শুঁটকিমহাল বিলীন হয়ে যায়।
কক্সবাজারের জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, দেশের চাহিদার অর্ধেক শুঁটকি শহরের নাজিরারটেক শুঁটকিপল্লি থেকে উৎপাদিত হয়। কিন্তু ঘূর্ণিঝড় এই শুঁটকিপল্লিকে লন্ডভন্ড করে দিয়েছে। এই পল্লিসহ জেলার চৌফলদণ্ডী, খুরুশকুল, সোনাদিয়া, কুতুবদিয়া, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন শুঁটকিপিল্ল ও মহালের অন্তত ৬০০ মেট্রিক টন শুঁটকি নষ্ট হয়ে গেছে।
নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি ওমর ফারুক বলেন, এই পল্লি থেকে দিনে গড়ে এক থেকে দেড় কোটি টাকার শুঁটকি চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো। ঘূর্ণিঝড়ে লোনাপানিতে ভিজে এখানকার ব্যবসায়ীদের ১৭ কোটি টাকার শুঁটকি নষ্ট হয়ে গেছে।
ফদনারডেইল এলাকার শুঁটকিশ্রমিক শারমিন আকতার বলেন, আট বছর ধরে তিনি শুঁটকিমহালে দৈনিক মজুরিতে কাজ করছেন। কিন্তু ঘূর্ণিঝড়ের পর থেকে তিনি বেকার। চার ছেলেমেয়ে নিয়ে তাঁর দিন কাটছে অনেক কষ্টে।
নাজিরারটেকের শুঁটকি ব্যবসায়ী রমিজ মিয়া বলেন, ঘূর্ণিঝড়ে তাঁর একটি শুঁটকিমহাল ভেঙে গেছে। টাকা না থাকায় মহাল সংস্কারের কাজ শুরু করতে পারছেন না তিনি।