ঘূর্ণিঝড় পাইলিন, উপকূলে ২ নম্বর সতর্কতা
ঘূর্ণিঝড় পাইলিনের আশঙ্কায় চট্টগ্রাম ও মংলা বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পাইলিন চট্টগ্রাম বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার উপকূল থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে ও মংলা বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়ার বেগে ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রচারিত বেলা তিনটার বার্তায় এ তথ্য জানা গেছে।
এর আগে সকাল নয়টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং মংলা বন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। সকালে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৫৪ কিলোমিটার, যা ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত দমকা থেকে ঝোড়ো হাওয়ায় বৃদ্ধি পাচ্ছিল।
বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক কিশোর কুমার সরদার জানান, ঘূর্ণিঝড়টির আশপাশের এলাকা খুবই উত্তাল রয়েছে। এটি ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘পাইলিনের’ প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর সকাল থেকেই রয়েছে উত্তাল। এক সপ্তাহ ধরে বরগুনাসহ উপকূলে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে উপকূলে ছিল ভ্যাপসা গরম ও থমথমে আবহাওয়া। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগর এখনো উত্তাল রয়েছে।