লোকবল ও সরঞ্জামের সংকট, নেতৃত্ব নিয়ে টানাপোড়েন এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের অভাবে উপকূলীয় ১৩ জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সিপিপির ঢাকা কার্যালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সিপিপির কর্মকর্তা-কর্মচারীদের অনুমোদিত পদ ২৩২টি। এর ১৪৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে ১৩টি জেলা নিয়ে গঠিত সাতটি অঞ্চলে উপপরিচালকের সাতটি পদ রয়েছে। এই সাতটি পদের মধ্যে উপপরিচালকের একটি পদ শূন্য। এ ছাড়া ৪৩টি উপজেলায় সহকারী পরিচালকের ৪৩টি পদ থাকলেও আছেন মাত্র ১৯ জন। বাকি ২৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। তৃণমূল পর্যায়ে আবহাওয়ার খবরাখবর আদান-প্রদানের জন্য মাঠপর্যায়ে ৪৮টি এইচএফ (হাই ফ্রিকোয়েন্সি) ও ১১২টি ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) ওয়্যারলেস থাকলেও ১৫টি এইচএফ ও ৭০টি ভিএইচএফ ওয়্যারলেস দীর্ঘদিন ধরে বিকল। ওয়্যারলেস অপারেটরদের অর্ধেকের বেশি পদ শূন্য।
এমন বাস্তবতায় গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় দেশের উপকূলীয় পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার জেলাসহ ১৩টি জেলার ৪৩টি উপজেলার ৩৪৫টি ইউনিয়নে ৩ হাজার ৬৮৪টি ইউনিটে ৫৫ হাজার ২৬০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছেন। স্বেচ্ছাসেবকদের কয়েকজন দলনেতা বলেন, ২০০১ সালের পর সিপিপির কার্যক্রমে ক্রমশ ভাটা পড়তে শুরু করে। ওই বছর থেকে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, সংকেত প্রচারের জন্য ব্যবহৃত সরঞ্জাম যেমন হ্যান্ডমাইক, টর্চলাইট, ছাতা, জুতা ও রেডিও সরবরাহ করা হয়নি। গত বছর কয়েকটি উপজেলার স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে প্রশিক্ষণ দেওয়া হয় এবং যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু বেশির ভাগ স্বেচ্ছাসেবক ২০০১ সালের পর আর প্রশিক্ষণ ও সরঞ্জাম পাননি।
উপকূলের কয়েকটি জেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সিপিপির স্বেচ্ছাসেবকেরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুনামিসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগে সংকেত প্রচার, অনিরাপদ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া, জরুরি উদ্ধার তৎপরতা, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, জরুরি ত্রাণ-সহায়তা বিতরণসহ দুর্যোগকালীন সব ধরনের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেন, এই প্রতিষ্ঠানের উৎপত্তি রেড ক্রিসেন্ট থেকে। ২০০১ সালে এই সংগঠনের কার্যক্রম ও কর্তৃত্ব নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপির সঙ্গে মতবিরোধ দেখা দেয়। সিপিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা চান, তাঁদের মধ্য থেকেই পরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি দিয়ে কাউকে নিয়োগ দেওয়া হোক। অপর দিকে, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা দুর্যোগ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার সিপিপির পরিচালক (প্রশাসন) পদে অতিরিক্ত দায়িত্বে থাকার পক্ষে অবস্থান নেন। এর জেরে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সিপিপির কার্যক্রম বাস্তবায়ন কমিটির ৩৯তম সভায় সিপিপির তৎকালীন উপপরিচালক রুহুল আমিনকে পদোন্নতি দিয়ে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির তৎকালীন কর্তৃপক্ষ তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেনি। পরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব সফিকুল ইসলামকে সিপিপির পরিচালক (প্রশাসন) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তাতেও এ কার্যক্রমে কোনো গতি আসেনি। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব সিপিপির পরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করছেন।
সিপিপির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, নানা সংকটে এই সংস্থার কার্যক্রম এখন বলতে গেলে স্তিমিত। এ ছাড়াবরিশাল সদরে সিপিপির স্বেচ্ছাসেবকদের মাত্র তিনটি ইউনিট চালু থাকলেও জেলার ঝুঁকিপূর্ণ হিজলা, মুলাদি, মেহেন্দীগঞ্জসহ অন্যান্য উপজেলায় কোনো কার্যক্রম নেই।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সিপিপির স্বেচ্ছাসেবক দলের দলনেতা আবদুর রশিদ বলেন, কুতুবদিয়ায় কর্মকর্তা নেই। ওয়্যারলেসসেট দীর্ঘদিন ধরে অকেজো।
বরগুনার তালতলী থানার দলনেতা জয়দেব হাওলাদার বলেন, ‘আমাদের দরকার প্রয়োজনীয় উপকরণ ও প্রশিক্ষণ। তা-ও মিলছে না প্রায় ১০ বছর ধরে।’
কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ মুঠোফোনে বলেন, ‘যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে সংগঠনটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। আমরা কোনো রকমে সংস্থাটির কার্যক্রম চালিয়ে নিচ্ছি।’
তবে গত মঙ্গলবার জানতে চাইলে সিপিপির পরিচালক (প্রশাসন) এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তারিকুল ইসলাম বলেন, ‘আমরা সিপিপিকে সক্রিয় রাখতে চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে ৩৩ হাজার স্বেচ্ছাসেবককে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৩ হাজার স্বেচ্ছাসেবককে নতুন সরঞ্জাম দেওয়া হয়েছে।’ নিয়োগ ও পদায়নের বিষয়ে তিনি বলেন, ‘এখন এটি সরকারীকরণের চিন্তাভাবনা চলছে। এ জন্য নতুন জনবলকাঠামো বাস্তবায়ন বোর্ডের সভায় অনুমোদন নিতে হয়। এদিকে স্বেচ্ছাসেবকদের দুই দিনের একটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য আমরা সরকারের কাছ থেকে ২ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছি।’