ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া
সাজানো-গোছানো গ্রাম। এখানে বাস করছেন শিক্ষক, আছেন কৃষক, জেলে, কামার, মাতুব্বর পরিবার এবং রেড ক্রিসেন্টের যুবদলসহ নানা পেশার মানুষ। এদিকে ঘূর্ণিঝড় ধেয়ে এলে মানুষকে সতর্ক করে দেওয়া, ঘূর্ণিঝড়ে সবকিছু তছনছ করে দেওয়ার পর বেঁচে থাকা মানুষদের উদ্ধারসহ তাদের চিকিৎসাসেবাসহ নানা দিক তুলে ধরতে বৃহস্পতিবার পটুয়াখালীতে হলো ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া’।
‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে’ স্লোগান নিয়ে বেলা ১১টায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়ার উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মাছুমুর রহমান।
উন্নয়ন সংস্থা অক্সফাম ও কোডেকের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা মহড়া উপস্থাপন বাস্তবায়ন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকায়েত হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ জালাল, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির সাবেক প্রধান শিক্ষক আবদুর রব, কোডেক ফোকাল পারসন আহমেদ নুরনবী, রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের কর্মকর্তা লিয়াকত হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে গ্রামেরই বাসিন্দা ও রেড ক্রিসেন্টের যুবদলের সদস্যরা অভিনয় করে দুর্যোগের ভয়াবহতা, দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়গুলো উপস্থাপন করেন। উপস্থাপন অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংস্থা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।