ঘূর্ণিঝড় মহাসেনে পটুয়াখালীর ১৩০০ নলকূপ অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ও জলোচ্ছ্বাসে পটুয়াখালী জেলার ১৩ শতাধিক গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। এসব নলকূপের আশপাশের বাসিন্দারা বিশুদ্ধ পানি সংগ্রহে ভোগান্তির শিকার হচ্ছেন। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় ১৫ লাখ ৩৫ হাজার ৮৫৪ জন মানুষের জন্য গভীর নলকূপ রয়েছে ২১ হাজার ৭৫৪টি। গত ১৬ মে মহাসেনের আঘাতে এক হাজার ৩১৭টি গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে। এর মধ্যে সদর উপজেলায় ২৮৭টি, বাউফলে ১০০, মির্জাগঞ্জে ১৩০, কলাপাড়ায় ৩০০, রাঙ্গাবালীতে ১০০, গলাচিপায় ২০০, দশমিনায় ১৫০ এবং দুমকি উপজেলায় ৫০টি নলকূপ অকেজো। সদর উপজেলার দক্ষিণ বিঘাই আবাসনের বাসিন্দা পারুল বেগম বলেন, আট বছর ধরে তাঁরা এই আবাসনে রয়েছেন। এখানে চারটি গভীর নলকূপ ছিল। মহাসেনের জলোচ্ছ্বাসে পানিতে তলিয়ে চারটি নলকূপই অকেজো হয়ে পড়ে। এখন এক কিলোমিটারের বেশি পথ হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। পটুয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম সহিদুল ইসলাম জানান, অকেজো হয়ে পড়া গভীর নলকূপের তালিকা করা হয়েছে। নলকূপগুলো মেরামত ও পুনঃস্থাপনের জন্য এক কোটি ৯৭ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা সম্ভাব্য ব্যয় ধরে অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরিশাল সার্কেল বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।