ঘূর্ণিঝড় মহাসেনে বিপর্যস্ত বরগুনার কৃষি খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনার কৃষিক্ষেত্র বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি আউশ মৌসুমে জেলায় প্রায় ৫২ হাজার একর জমিতে আউশ ও বীজতলা করা হলেও ঝড় ও দীর্ঘমেয়াদি জলাবদ্ধতায় সবই পচে গেছে। এখন পুনরায় বীজতলা করে নতুনভাবে আউশ আবাদ করাও সম্ভব নয়। এতে জেলার প্রায় এক লাখ কৃষিজীবী পরিবারে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর জেলায় আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় দেড় লাখ একর। এর মধ্যে প্রায় ৪৫ হাজার একরে আবাদ সম্পন্ন হয়েছিল ও প্রায় সাত হাজার ৮০০ একরে বীজতলা করে তা আবাদের জন্য প্রস্তুতি চলছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় দেড় লাখ মেট্রিক টন। কিন্তু জলাবদ্ধতার কারণে এবার আউশ উৎপাদন শূন্যের কোঠায় এসে ঠেকবে। আর এতে এই জেলার কৃষকপর্যায়ে প্রায় ১৯ কোটি টাকা লোকসানে পড়বে। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, মহাসেনে জেলায় আউশ বাদে রবি ফসলের ক্ষতি হয় ১৪ হাজার ৬০ একরের। আউশ ও রবি মিলিয়ে আর্থিক হিসাবে জেলায় কৃষিক্ষেত্রে ক্ষতি ৯৯ কোটি ৭০ লাখ টাকার। ক্ষয়ক্ষতির শিকার হন এক লাখ দুই হাজার ২১৮ জন কৃষক। সম্প্রতি সদর উপজেলার নলটোলা ইউনিয়নে গিয়ে দেখা যায়, শত শত একরের ফসল পানিতে তলিয়ে আছে। গর্জনবুনিয়া গ্রামের কৃষক হারুন হাওলাদার বলেন, ‘ধারদেনা কইর‌্যা ৪০ শতক জমিতে আউশ ধানের আবাদ করছিলাম। বইন্যার পানিতে সব পইচ্চা গ্যাছে।’ গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের বাদল হাওলাদার বলেন, ‘প্রায় ৪৫ হাজার টাকা খরচ কইর‌্যা এক কানি (১২০ শতক) জাগায় আউশের আবাদ ও আরও দুই কানি জাগায় আউশ আবাদের জন্য বীজতলা বানাইছালাম। বইন্নার পানিতে সব শ্যাষ। এহন নতুন কইর‌্যা বীজতলা কইর‌্যা আবার রোপণের সময়ও নাই।’ বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বরগুনা আউশ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। কিন্তু এবারের জলোচ্ছ্বাসে এই উৎপাদন শূন্যের কোঠায় ঠেকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন নতুন করে বীজতলা করে আউশ আবাদ করলে তা উঠতে অক্টোবর মাস লাগবে। কিন্তু আগস্ট-সেপ্টেম্বরে আমনের ভরা মৌসুম শুরু হয়ে যায়। তাতে কৃষক আমনে চরম মার খাবে। বরগুনা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক লুৎফর রহমান বলেন, ক্ষতি পুষিয়ে নিতে মাঠপর্যায়ে কৃষকদের নানাভাবে উৎসাহ ও পরামর্শ দেওয়া হচ্ছে।