ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবিলায় ঘাটতি ছিল: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানুর আগে উপকূলের ১০টি ইউনিয়নের দুর্গম এলাকায় ঠিক সময়ে সতর্কবার্তা পৌঁছায়নি। এর ফলে এসব এলাকার জনসাধারণ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। দুর্যোগের পর রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। এগুলো এড়ানো গেলে ক্ষয়ক্ষতি আরও হ্রাস পেত।

রাজধানীর ধানমন্ডিতে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। ‘ঘূর্ণিঝড় রোয়ানু: দুর্যোগ ও মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শিরোনামে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই সংবাদ সম্মেলনটি করেছে।
২০১৬ সালের ২১ মে উপকূলের ১৫টি জেলায় ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে। এতে ২৭ জন নিহত এবং উপকূলের ১৫টি জেলায় ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, লক্ষ্মীপুর ও ভোলার ১০টি উপজেলার ১০টি ইউনিয়নে রোয়ানুসংক্রান্ত তথ্য নিয়ে টিআইবি একটি গবেষণা করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও জলবায়ুগত ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করে গত বছরের মে থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।
টিআইবির গবেষণাটি বলছে, বিভিন্ন সরকারের সময় নির্মিত অধিকাংশ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি। এসব আশ্রয়কেন্দ্র নির্মাণে গড়ে মোট বরাদ্দের ৭০ শতাংশ অর্থ ব্যয় হয়। বাকি অর্থ বিভিন্ন পর্যায়ে ভাগ-বাঁটোয়ারা হয়ে যায়। আশ্রয়কেন্দ্রগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযোগী ও দ্রুত নষ্ট হয়ে পড়ে। একটি ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র তালাবদ্ধ থাকায় ঝুঁকিগ্রস্ত মানুষ সেখানে আশ্রয় নিতে পারেনি।
গবেষণায় থেকে উঠে এসেছে, ঘূর্ণিঝড়ের আগে উপকূলের ১০টি ইউনিয়নের কোনো কোনো এলাকার জনসাধারণকে ঝুঁকিসংক্রান্ত তথ্য জানানোর ক্ষেত্রে ঘাটতি ছিল। পাশাপাশি ঝুঁকিগ্রস্ত জনসাধারণেরও সচেতনতার ঘাটতি ছিল। অনিয়ম-দুর্নীতির কারণে ছয়টি ইউনিয়নের কোনো কোনো আশ্রয়কেন্দ্র ব্যবহারের উপযোগী ছিল না। এ ছাড়া উপকূলীয় এলাকায় বসবাসকারী জনসাধারণের জন্য ৫ হাজার আশ্রয়কেন্দ্রের প্রয়োজন। অথচ সেখানে ৩ হাজার ৭৫১টি আশ্রয়কেন্দ্রে আছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আশ্রয়কেন্দ্র রক্ষণাবেক্ষণে অপ্রতুলতা ছিল। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করতে ঘাটতি ছিল। ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় বেশির ভাগ রাজনৈতিক বিবেচনা ও প্রভাবশালীদের প্রাধান্য দিয়ে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জগুলো ঠিক করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমবে। দেশবাসী উপকৃত হবে।
গবেষণাটির ফলাফল বলছে, ১০টি উপজেলাতেই ত্রাণ বিতরণে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। ৪টি ইউনিয়নের কোনো কোনো গ্রামে ত্রাণ বিতরণে ক্ষতিগ্রস্ত মানুষের পরিবর্তে চেয়ারম্যান ও মেম্বারের নিকটাত্মীয় অথবা অনুসারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। পাঁচটি ইউনিয়নে ত্রাণের চাল বিতরণের সময় কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আটটি ইউনিয়নে সরকারিভাবে ঢেউটিন বিতরণ দেখানো হলেও ক্ষতিগ্রস্ত মানুষকে তা দেওয়া হয়নি।
গবেষণা থেকে উঠে আসে, রোয়ানু ঘূর্ণিঝড়ের পরে চট্টগ্রামে ২০ হাজার ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণে ১ হাজার ২০০ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। আর ভোলাতে ১ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণে ১ হাজার ঢেউটিন দেওয়া হয়। এই ঢেউটিন বরাদ্দের কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় বেশি বরাদ্দের অভিযোগ আছে।
সংবাদ সম্মেলনে টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল উপস্থিত ছিলেন। প্রতিবেদন তুলে ধরেন টিআইবির কর্মকর্তা (সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার) এম জাকির হোসেন, নিহার রঞ্জন রায়, নাহিদ শারমীন ও মো. নেওয়াজুল মওলা।
সরকারের অস্বীকার: সতর্কবার্তা সঠিক সময়ে না পৌঁছানো, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ। আজ প্রথম আলোকে তিনি বলেন, সতর্কবার্তা সরকারের টেলিভিশন ও বেতার নিজ দায়িত্বে সুষ্ঠুভাবে দিয়েছে। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো নিজেদের নির্ধারিত অনুষ্ঠান স্থগিত রেখে তা প্রচার করেছে। তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় রোয়ানু-পরবর্তী ত্রাণ বিতরণ ভালো হয়েছে। এ নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি। তাই টিআইবির প্রতিবেদন সঠিক না।
ঢেউটিন বরাদ্দের বিষয়ে রিয়াজ আহমেদ বলেন, কক্সবাজারের কিছু এলাকায় ঘরবাড়ি নষ্ট হয়েছিল। তাই প্রয়োজনের তাগিদেই ঢেউটিন দেওয়া হয়েছে।