যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় সতর্কতা প্রচারে আবহাওয়া অধিদপ্তরের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলেছেন। কারও উদাসীনতা কিংবা গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গতকাল শনিবার কোম্পানীগঞ্জের ঘূর্ণিদুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষয়ক্ষতি যতটা কমানো যায়, সে বিষয়ে সরকার বরাবরই সতর্ক রয়েছে। বেলা ১১টায় ওবায়দুল কাদের ঝড়ে বিধ্বস্ত মধ্য চরকাঁকড়া উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিধ্বস্ত শ্রেণীকক্ষ দ্রুত মেরামতে ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যাকে অনুরোধ করেন।পরে তিনি চরএলাহী বাজারে ঘূর্ণিঝড়ে নিহত চার জেলের পরিবারকে নিজের তহবিল এবং সরকারি তহবিল থেকে ২০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যা, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল, রেডক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের নির্বাহী কমিটির সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রমুখ।