বাংলাদেশের উপকূলে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
ঘূর্ণিঝড় ‘নিলম’ আজ তামিলনাড়ু ও অন্ধ্র অতিক্রম করতে পারে
বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘নিলম’ নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। আজ বুধবার বিকেল নাগাদ এটি ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ২ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।ভারতের আবহাওয়া বিভাগের (ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট) পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি গতকাল বিকেল নাগাদ তামিলনাড়ুর নাগাপাট্টিনাম ও অন্ধ্র প্রদেশের নিলোরি উপকূলের দিকে ধেয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, আজ বিকেল নাগাদ দক্ষিণ ভারতের ওই দুই রাজ্যে আঘাত হানার সময় ঘূর্ণিঝড় নিলমের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল দুপুর থেকে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে।আন্তর্জাতিক আবহাওয়া-বিষয়ক সংস্থা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য ঘূর্ণিঝড়গুলোর আগাম নামকরণ করে থাকে। ঘূর্ণিঝড় নিলমের নামকরণের প্রস্তাব করেছিলেন পাকিস্তানের আবহাওয়াবিদেরা।