ঘূর্ণিঝড় 'রোয়ানু': উপকূলে জনজীবন অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় দেশের উপকূলীয় এলাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রবল বর্ষণে বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজারে বঙ্গোপসাগরের জোয়ারের পানি বেড়ে উপকূলে আঘাত হানছে।

এ ছাড়া পটুয়াখালী ও নোয়াখালীতে প্রবল বর্ষণে এখানকার জীবনযাত্রা কার্যত থমকে গেছে। ফলে আতঙ্কের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বরগুনা: ‘রোয়ানুর’ প্রভাবে অধিক উচ্চতার জোয়ার ও প্রবল বর্ষণে বরগুনার বিভিন্ন উপজেলার অন্তত ১০ স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে বরগুনা সদরের সোনাতলা এলাকার সোনাতলা, রায়েরতবক ও কালিরতবক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই সব গ্রামের কৃষি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে।
কালিরতবক গ্রামের বাসিন্দা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় আমরা কোনো প্রস্তুতি নিতে পারি নাই। জোয়ারের পানি ঢুকে আমার পুকুর ডুবে যাওয়ায় সব মাছ ভেসে গেছে।’
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘বেশ কিছু স্থানে বাঁধ ধসে বিলীন হওয়ার খবর পেয়েছি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জানা সম্ভব হয়নি।’
কক্সবাজার: বঙ্গোপসাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। জেলা প্রশাসন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করছে। আজ সকাল থেকে এখানে বৃষ্টিপাত শুরু হয়। সাগর প্রচণ্ড রকম উত্তাল হয়ে পড়েছে। পুরো সৈকত এখন পর্যটকশূন্য। সাগরে কোনো মাছ ধরার ট্রলার দেখা যায়নি।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, আগামীকাল শনিবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজারে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তাই লোকজনকে সরিয়ে আনতে আজ সন্ধ্যা থেকে উপকূলে মাইকিং করা হচ্ছে। উপকূলের বিভিন্ন গ্রাম থেকে ১০টি বাসে করে লোকজনকে শহরে আনা হচ্ছে। লোকজনের আশ্রয়ের জন্য শহরের পাবলিক লাইব্রেরিসহ ১১টি স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে।
পটুয়াখালী: পটুয়াখালীতে আজ সারা দিন দমকা হাওয়া বইছে। সঙ্গে প্রবল বর্ষণ। ফলে জীবনযাত্রা থমকে গেছে। সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নদী বন্দরে দুই নম্বর স্থানীয় সংকেত রয়েছে।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহতাব উদ্দিন জানায়, জেলার অভ্যন্তরীণ সকল নৌপথে এবং পটুয়াখালী-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
পটুয়াখালী জেলা প্রশাসক শামিমুল হক ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
এদিকে পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি জানান, কলাপাড়া উপজেলার গোটা উপকূলজুড়ে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। দুই দিনের এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েছেন।