ঘূর্ণিঝড়সহনীয় ঘরগুলো পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নির্মিত ঘূর্ণিঝড়সহনীয় ৪৬৫টি গৃহের বেশির ভাগই পরিত্যক্ত পড়ে আছে। অপরিসর এসব ঘরের চারপাশে দেয়াল না থাকায় বসবাস করতে পারছে না উপকারভোগীরা।আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বরগুনায় ঘূর্ণিঝড়সহনীয় ৪৬৫টি ঘরের নির্মাণকাজ সমাপ্ত হয় প্রায় ছয় মাস আগে। বরগুনা ঘূর্ণিঝড় প্রস্তুতিকেন্দ্রের উপপরিচালক হাফিজ আহম্মেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, শুধু দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার কথা বিবেচনায় নিয়ে কোনো স্থাপনা নির্মাণ ততটা যুক্তিযুক্ত মনে হয় না। এর পেছনে উপকারভোগীদের প্রাত্যহিক জীবনযাত্রার কথাও বিবেচনায় আনা উচিত ছিল। কেননা, যারা এসব গৃহের উপকারভোগী, তাদের অধিকাংশেরই মাথা গোঁজার মতো উপযোগী বাসস্থান নেই। টেকসই এসব গৃহের চারপাশে বেড়া দেওয়ার ক্ষমতাও নেই। তা ছাড়া এগুলো এতই অপরিসর যে একটি পরিবার কোনোমতেই এতে বসবাস করতে পারবে না।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ‘বরিশাল বিভাগের আইলা বিধ্বস্ত জেলাসমূহের ঘূর্ণিঝড়সহনীয় গৃহনির্মাণ প্রকল্প’-এর আওতায় ২০১০-১১ অর্থবছরে পাঁচ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে বরগুনা জেলায় ৪৬৫টি ঘূর্ণিঝড়সহনীয় গৃহ নির্মাণ করা হয়। ১৫ ফুট প্রস্থ ও ১০ ফুট দৈর্ঘ্যের গৃহে শুধু আরসিসি পিলারের ওপর ছাদ ও মেঝে পাকা করে নির্মাণের জন্য ব্যয় হয় এক লাখ ২০ হাজার টাকা। সরেজমিনে বরগুনা সদর ও আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, এসব গৃহ নিয়ে উল্টো বিপাকে পড়েছে উপকারভোগী পরিবারগুলো। সদর উপজেলার পশ্চিম পোটকাখালী গ্রামের রিকশাচালক সবুজ মিয়া (৩৫) বলেন, ‘ভাই, ঘর তো পাইছি, কিন্তু এই ঘরে যে থাকমু, হ্যার কোনো উপায় নাই। মাথার উপরে ছাদ আছে, কিন্তু চাইরপাশে বেড়া নাই।’সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের লবণগোলা; ঢলুয়া ইউনিয়নের নলী, পশ্চিম পোটকাখালী ও বরইতলা এবং নলটোনা ইউনিয়নের পদ্মা, শিয়ালিয়া, কুমিরমারা, সোনাতলা ও নিশানবাড়িয়া গ্রাম ঘুরে একই দৃশ্য চোখে পড়ে। আমতলী উপজেলার গুলিশাখালীর ডালাচারা গ্রামের সেরজন আলী এই গৃহ পেলেও পরিবার নিয়ে বাস করছেন পাকা ঘরের পাশেই একটি ডেরায়। তাঁর স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘সরকার মোগো একটা ঘর দেছে, কিন্তু হেই ঘরে সবাই মিল্লা থাকমু, হেই জাগা নাই।’আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর হোসেন জানান, দেয়াল না থাকায় অধিকাংশ ঘরই খালি পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সদর উপজেলার পিআইও রণজিৎ কর্মকার বলেন, গৃহনির্মাণের নকশায় দেয়ালের বিষয় না থাকায় এভাবেই এগুলো উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, এসব গৃহ নির্মাণের আগে মূল যে নকশা ছিল তাতে চারপাশে দেয়াল দেওয়ার কথা ছিল। কিন্তু এতে ব্যয় বেড়ে যাওয়ায় তা বাদ দিয়ে শুধু খুঁটির ওপর ছাদ দিয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়। কিন্তু বাস্তবতা হলো, এসব ঘর এখন উপকারভোগীদের কোনো কাজে আসছে না।