ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়নি, কোটি মানুষ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্ম মৌসুমের শুরুতেই দক্ষিণ উপকূলের ছয়টি জেলায় ব্যাপক জলোচ্ছ্বাস হওয়ার আতঙ্ক বিরাজ করছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ বাঁধ সংস্কার না হওয়ায় এসব জেলার প্রায় এক কোটি মানুষের মধ্যে এই আতঙ্ক দেখা দিয়েছে। গত তিন বছরে পানি ঢুকে এসব জেলায় কৃষিজমি প্লাবিত হওয়ায় ফসলের উৎপাদন ব্যাহত হয়। একই কারণে এ মৌসুমেও ফসল উৎপাদন ব্যাহত হবে বলে কৃষকেরা আশঙ্কা করছেন।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল আঞ্চলিক প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরে বরিশাল বিভাগের ছয় জেলার (বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর) প্রায় ১৮০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং এক হাজার ৪০০ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় বরগুনা জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এ জেলার ২২টি পোল্ডারের আওতায় ৮৫০ কিলোমিটার বাঁধের মধ্যে ৫৪ কিলোমিটার সম্পূর্ণ ও ৩৯৬ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় আইলায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৬৮ দশমিক ৮ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং ৫ দশমিক ১৯ কিলোমিটার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।পাউবোর কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় সিডরের পর ছয় জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ, স্লুইসগেট নির্মাণ-পুনর্নির্মাণ, বাঁধের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামো সংস্কারের জন্য ৪২৬ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু বিশ্বব্যাংক ওই প্রকল্পের অর্থ কাটছাঁট করে সমপ্রতি ১১২ কোটি টাকা সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়। কিন্তু এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধের অর্ধেক অংশও সংস্কার করা যাবে না। বড় ধরনের ঝড়-জলোচ্ছ্বাস আঘাত হানলে উপকূলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও দুরূহ হয়ে পড়বে।পাউবোর বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৬ থেকে ৯ অক্টোবর ঘূর্ণিঝড় গিরির প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলার প্রায় ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়। চলতি বছরের ১৯ থেকে ২২ মার্চ জলোচ্ছ্বাসে জেলার অধিকাংশ রবি ফসলের খেত নষ্ট হয়ে যায়।সরেজমিনে বরগুনার বিভিন্ন উপজেলায় গিয়ে জানা যায়, ঘূর্ণিঝড় আইলায় পাথরঘাটা উপজেলার চরলাঠিমারার জিনতলা, পদ্মা, তাফালবাড়িয়া, সদরের গুলিশাখালী, ডেমা ও পুরাঘাটা এলাকার বিষখালী ও বলেশ্বর নদের তীরের কয়েক কিলোমিটার এলাকার বাঁধ বিলীন হয়ে গেছে। এসব বাঁধ এখনো সংস্কার করা হয়নি। এতে এসব এলাকার কয়েক হাজার মানুষ আতঙ্কে আছে।চরলাঠিমারা গ্রামের বাসিন্দা আ. হাকিম বলেন, ‘এহন একটু জোয়ার বাড়লেই বাড়িঘর পানিতে তলাইয়্যা যায়। চাইর বছর ধইর্যা কোন ফসলই ঘরে নেতে পারি নাই। অমবইস্যা-পূন্নিমায় আইলে রাইতের ঘুম হারাম অইয়্যা যায়। মোরা ক্যানে যে বাঁচমু, কইতে পারি না।’বরগুনা পাউবোর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আইলার সময় এই এলাকায় জলস্ফীতি (পানির উচ্চতা) ছিল ৩ দশমিক ৫ মিটার। কিন্তু গত বছরের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় গিরির সময় জোয়ারের উচ্চতা ঘূর্ণিঝড় আইলাকেও ছাড়িয়ে দাঁড়ায় ৩ দশমিক ৬ মিটারে।পাউবোর বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী বলেন, ‘বর্তমানে উপকূলীয় এলাকার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের উচ্চতা গড়ে চার ফুট। এটা ১০ বছর আগেও ছিল তিন ফুট। সে হিসেবে এই এলাকার বাঁধগুলো সর্্বোচ্চ পাঁচ ফুট উচ্চতায় নির্মাণ করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় গিরির প্রভাবে সৃষ্ট জোয়ারের উচ্চতা এতটাই ছিল যে এই বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে গেছে। এই অবস্থায় আমাদের বাঁধগুলোর উচ্চতা আরও কমপক্ষে পাঁচ ফুট বাড়ানো দরকার।’পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহম্মেদ বলেন, বরগুনায় ক্ষতিগ্রস্ত ২২টি পোল্ডারের মধ্যে ১২টি মেরামতের জন্য বিশ্বব্যাংকের অর্থ পাওয়া গেছে। সাতটি গুচ্ছ প্রকল্পের মাধ্যমে সেই কাজ হবে। সমপ্রতি দুটি গুচ্ছের আওতায় তিনটি পোল্ডারের কাজ শুরু হয়েছে। বাকি ১০টির কাজ পর্যায়ক্রমে শুরু হবে। এসব প্রকল্পের কাজ শেষ হতে তিন বছর লাগবে। ক্ষতিগ্রস্ত বাকি ১০টি পোল্ডারের সংস্কারকাজ এখনো অনিশ্চিত। পাঁচটি স্থানে বিলীন হয়ে যাওয়া বাঁধ নির্মাণে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ চেয়েও পাওয়া যায়নি। নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘বর্তমানে বাঁধগুলো স্বাভাবিক পানির চাপ মোকাবিলায় সক্ষম। তবে জলোচ্ছ্বাস হলে বাঁধগুলো পানির চাপ মোকাবিলা করতে পারবে না। এই অবস্থায় আমাদের উপকূল ভাগ অনেকটাই অরক্ষিত, এ কথা বলা যায়।’