ঘূর্ণিঝড়ে নোয়াখালীর ১২৯ শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার ১২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপ উপজেলা হাতিয়ায়। সেখানে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ে হাতিয়ার ৫০টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ১১টি দাখিল ও আলিম মাদ্রাসা এবং একটি কলেজ (হাতিয়া ডিগ্রি কলেজ) ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ঝড়ে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো: রেহানিয়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়, মাইজদী জুনিয়র উচ্চবিদ্যালয়, খাসেরহাট মাজেদিয়া বালিকা মাদ্রাসা ও চর আমানউল্লা উচ্চবিদ্যালয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ আলী গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় বর্তমানে নির্বাচনী পরীক্ষা চলছে। এ ছাড়া সামনে রয়েছে বার্ষিক পরীক্ষা। এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঝড়ে ভেঙে পড়ায় শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটছে। ক্ষতিগ্রস্ত বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ না থাকার পরও শিক্ষার্থীদের কথা ভেবে পাঠদান অব্যাহত রাখা হয়েছে।সরেজমিনে সুবর্ণচরের মোহামঞ্চদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির একটি টিনশেড ঘর ভেঙে পড়েছে। ঘরটিতে পাঠদানের কোনো সুযোগ নেই। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. নুরউল্লা প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে অন্যঘরগুলোতে শিক্ষার্থীদের জায়গা না হওয়ায় এ বছরই টিনশেড ঘরটি নির্মাণ করা হয়েছিল। সেখানে সপ্তম ও অষ্টম শ্রেণীর তিনটি শাখার পাঠদান হতো। কিন্তু ঘরটি ঝড়ে ভেঙে পড়ায় ছাত্রছাত্রীদের পাঠদান করাতে হিমশিম খেতে হচ্ছে। অনেককে অন্য কক্ষে গিয়ে দাঁড়িয়ে ক্লাস করতে হয়।অন্যদিকে, ঝড়ে উপজেলা তিনটির মসজিদ ও মক্তব এবং ইফতেদায়ি মাদ্রাসারও ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে হাতিয়া ও সুবর্ণচর উপজেলার অন্তত ৬০টি মসজিদ ও ৩০টি ইফতেদায়ি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়। মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার জুমার নামাজ মুসল্লিদের খোলা আকাশের নিচে পড়তে হয়েছে।জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, যাতে শ্রেণীকার্যক্রম বন্ধ না হয়। এ ছাড়া ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা এলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।