ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর ৯৮ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সৃষ্ট ঝড় ও জলোচ্ছ্বাসে পটুয়াখালীর ১৮০ কোটি সাত লাখ ৮০ হাজার টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৮ হাজার ৩৬০ জন কৃষক। এদের মধ্যে অনেকেই এখন অর্থের অভাবে চাষাবাদ শুরু করতে পারছেন না। তাই কৃষি পুনর্বাসন জরুরি।গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে কেন্দ্রীয় কৃষক মৈত্রী, বেসরকারি সংস্থা অ্যাকশনএইড ও আভাস যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। এতে কেন্দ্রীয় কৃষক মৈত্রীর কলাপাড়া শাখার সহসভাপতি মোসাম্মত লাইলী বেগম লিখিত বক্তব্যে বলেন, কৃষি পুনর্বাসনের ব্যবস্থা না করলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পথে বসতে হবে।সংবাদ সম্মেলনে সাতটি দাবি উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি পুনর্বাসনের ব্যবস্থা; সহজ শর্তে ও বিনা সুদে কৃষি ঋণ ও কৃষি উপকরণ সরবরাহ; কৃষি জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা; স্লুইস গেট ও কালভার্ট দিয়ে সঠিকভাবে পানি ওঠানো ও নামানোর বিষয়টি নিশ্চিত করা; ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত মেরামত এবং মজবুত ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ করে কৃষি জমিতে লবণ পানির প্রবেশ ঠেকানোর ব্যবস্থা করা এবং লবণসহিষ্ণু জাতের বিভিন্ন ফসলের বীজ চাহিদা অনুযায়ী সরবরাহ করা।সংবাদ সমেঞ্চলনে কেন্দ্রীয় কৃষক মৈত্রীর সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সিকদার, কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় কৃষি জমির পরিমাণ দুই লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর। এর মধ্যে এক লাখ পাঁচ হাজার ২১০ হেক্টর জমিতে রবি ফসলের আবাদ হয়েছে। মহাসেনের প্রভাবে জলোচ্ছ্বাস ও প্রবল বর্ষণে ৪৮ হাজার ৫১৭ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ হাজার ৭১১ হেক্টরের ফসল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাঁচ হাজার ২০৮ হেক্টর জমিতে আবাদ করা মরিচের। এ ছাড়া চার হাজার ১৬২ হেক্টরের তিল, তিন হাজার ৪৩ হেক্টরের মুগডাল, দুই হাজার ৪০০ হেক্টরের চিনাবাদাম, এক হাজার হেক্টরের শাক-সবজি, ৬৯০ হেক্টরের মিষ্টি আলু, ৯০ হেক্টরের আউশের বীজতলা, ৮৫ হেক্টরের পানের বরজ, ১২ হেক্টরের ভুট্টা, ১২ হেক্টরের কলাগাছ ও নয় হেক্টর জমির সূর্যমুখী সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৮০ কোটি সাত লাখ ৮০ হাজার টাকা।অধিদপ্তরের উপপরিচালক এ জেড এম মমতাজুল করিম জানান, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ের করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।