ঘূর্ণিঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নীলফামারী জেলা সদর ও কিশোরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ঘূর্ণিঝড়ে প্রায় ৩০০ পরিবারের পঁাচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে৷ এ ছাড়া অসংখ্য গাছপালা ভেঙে গেছে ও উপড়ে পড়েছে।
মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ে ওই দুটি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৩টি গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য ছোট-বড় গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। ঘরচাপা পড়ে আহত হয়েছে পাঁচজন। তাদের মধ্যে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে সুরুজ মিয়া (১২) ও জয়নালের স্ত্রী ফজিলা বেগমকে (৪৭) স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রচণ্ড গতির এ ঘূর্ণিঝড় এলাকায় আঘাত হানে। মাত্র দুই মিনিটের মধ্যে লন্ডভন্ড করে দেয় ঘরবাড়ি ও গাছপালা। ঝড়ে কাঁচাঘরসহ টিন শেডের আধা পাকা ঘরের দেয়াল ভেঙে পড়ে ও অনেক ঘরের চাল উড়ে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী ও বাটুলটারী গ্রাম এবং চাপড়া সরমজামী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রাম৷ কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের কাছারিপাড়া, মাছুয়াপাড়া, উত্তর দুরাকুঠি ও গুচ্ছগ্রাম, নিতাই ইউনিয়নের মুশরত পানিয়ালপুকুর, বানিয়াপাড়া, আথাওপাড়া ও স্কুলপাড়া গ্রাম এবং চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী ও নগরবন্দ গ্রাম।
কিশোরগঞ্জ উপজেলার বাহাগিিল ইউনিয়নের কাছারিপাড়া গ্রামের আজিজুল ইসলাম (৪০) বলেন, দক্ষিণ-পশ্চিম কোণ থেকে কালো কুণ্ডলী আকারে আচমকা একটি ঝড় এই গ্রামে আঘাত হানে। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু লন্ডভন্ড করে দেয়। একই কথা বলেন, গ্রামের ফরিদুল ইসলামসহ (৪৫) কয়েকজন৷ নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের অহিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরত পানিয়ালপুকুর গ্রামের দিক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকারে ঝড় এসে এই গ্রামে আঘাত হানে। ক্ষণিকের মধ্যে গ্রামের ঘরবাড়ি ও গাছপালা গুঁড়িয়ে দেয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মোত্তালেব মোল্লা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই ঝড়ে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে ১৫০, বাহাগিলি ইউনিয়নে ৪৪ ও চাঁদখানা ইউনিয়নের ৩৬ পরিবার এবং জেলা সদরের পঞ্চপুকুর ও চাপড়া সরমজামী ইউনিয়নে ৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবী বলেন, ঘূর্ণিঝড়ে দুই উপজেলার পাঁচ ইউনিয়নের তিন শতাধিক পরিবারের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি ও আর্থিক সহায়তা দেওয়ার কাজ চলছে।