কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন মাতারবাড়ীর ৮০ হাজার মানুষ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের হুমকির মুখে রয়েছে। ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত অবৈধভাবে চিংড়িঘের তৈরি করার জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রায় দেড় শ একর প্যারাবনের প্রায় ১০ হাজার গাছ নিধন করায় এ হুমকি দেখা দিয়েছে।জানা গেছে, মাতারবাড়ীর উত্তর পাশে উজানটিয়া-মাতারবাড়ী নির্মাণাধীন সেতুর মাতারবাড়ী অংশের পশ্চিম পাশে অবৈধভাবে চিংড়িঘের তৈরি করার জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রায় দেড় শ একর প্যারাবন উজাড় করেন। এতে দ্বীপ রক্ষাকারী বেড়িবাঁধের প্রায় দুই কিলোমিটার হুমকির মুখে পড়েছে।গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্যারাবনের কোনো গাছ নেই, আছে শুধু গাছের গোড়া। স্থানীয় লোকজন গাছের গোড়া তুলে নিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, মাতারবাড়ীর কিছু প্রভাবশালী লোক ওই জায়গা দখল করে চিংড়িঘের তৈরি করার চেষ্টা করছেন।এলাকাবাসী জানায়, উপকূলীয় এই প্যারাবন ১৯৯১ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়সহ বিভিন্ন সময়ে জলোচ্ছ্বাস থেকে এলাকার লোকজনকে রক্ষা করলেও এখন ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য এ এলাকায় প্যারাবন নেই।মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গাছ নিধন করার কারণে মাতারবাড়ীর ৮০ হাজার মানুষ এখন হুমকির মুখে। তিনি বলেন, প্যারাবনের দক্ষিণ ও পশ্চিম পাশে যাঁরা চিংড়িঘেরের মালিক, তাঁরাই চিংড়িঘের তৈরি করার জন্য নির্বিচারে গাছ নিধন করেছেন।মাতারবাড়ী বন বিট কর্মকর্তার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম জানান, তিনি এখানে যোগদানের আগেই মাতারবাড়ী মৌজায় প্যারাবনের প্রায় ১০ হাজার গাছ নিধন করা হয়েছে। এই জায়গার ওপর কতিপয় প্রভাশালী ব্যক্তি চিংড়িঘের তৈরির চেষ্টা করছেন।মাতারবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মাইন উদ্দিন জানান, প্রায় দেড় শ একরের প্যারাবন উজাড় হয়ে যাওয়ায় এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম তালুকদার জানান, যাঁরা নির্বিচারে প্যারাবন নিধন করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপকূলীয় বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘গাছ কাটার বিষয়ে কেউ আমাকে অভিযোগ করেনি।’ তবে সরেজমিনে গিয়ে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।